গৌরবময় ১০৪ বছরে উৎসবমুখর কারমাইকেল কলেজ

২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৬ PM

সফলতার স্বর্ণশিখর উতরিয়ে শতবর্ষ উদযাপন করছে রংপুরে অবস্থিত উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ। ‘শতবর্ষে শত প্রাণ, ঐতিহ্যের জয়গান’ এই শ্লোগানে রোববার ও সোমবার দু’ দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসবের আয়োজন করেছে কলেজ প্রশাসন।

এ উৎসবকে সামনে রেখে পুরো ক্যাম্পাসকে সজ্জিত করা হয়েছে বর্ণীল সাজে। আবাসিক হল, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসটির বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে মন মাতানো আলোকসজ্জায়। বিকেল থেকেই বাহারি রংয়ের আলোতে ঝলমলিয়ে উঠছে পুরো কলেজ এলাকা। সেখানে ভিড় করছেন কলেজটির সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। শতবর্ষ উপলক্ষে কলেজের আশ-পাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করায় যেন আলাদা মোড় নিয়েছে কলেজটি।

কলেজের সহযোগী অধ্যাপক মো. আকতারুজ্জামানকে উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব বানানো হয়েছে। তিনি জানান, শতবর্ষ উৎসবে যোগ দিতে ১৩ হাজার ৪৬২ জন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এছাড়াও দেশ-বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উৎসবে অংশ নেবেন।

এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে কলেজের প্রাক্তন ১১ জন অধ্যক্ষ, ১৪ জন উপাধ্যক্ষ সহ ২৮ জন অধ্যাপককে। সেই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে রংপুরের প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদেরকে। শতবর্ষ উৎসব উপলক্ষে বিভিন্ন উপকরণসামগ্রী (ব্যাগ, স্মরণিকা, পরিচয়পত্র, ক্যাপ, টি-শার্ট) বিতরণ করা হয়েছে।

দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে, জনপ্রিয় ব্যান্ডদল এলআরবি, জলের গানসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।

উল্লেখ্য, কলেজটি তৎকালীন বাংলার গভর্নর লর্ড কারমাইকেলের আমলে ১৯১৬ সালে রংপুর লালবাগ এলাকায় ৩২১ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়। রংপুরের কিছু জমিদার সে সময় কলেজ প্রতিষ্ঠা করতে নানাভাবে প্রায় সাড়ে সাত লাখ টাকা জোগান দেন। প্রতিষ্ঠাকালীন সময়ে ড. ওয়াটকিন্স নামে এক জার্মানী নাগরীককে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ৬১০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত কলেজটির প্রশাসনিক ভবনটি বাংলার জমিদারী স্থাপত্বশিল্পের এক অনুপম নিদর্শন।

প্রতিষ্ঠার পর কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯১৭ সালে এটি আই.এ ও বি.এ শ্রেণি এবং ১৯২২ ও ১৯২৫ সালে আই.এসসি ও বি.এসসি খোলার অনুমতি লাভ করে। ১৯৪৭ সাল পর্যন্ত কলেজে ১৩টি বিষয় পড়ানো হতো। ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরর অধিভুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ছিল। ১ জুলাই ১৯৬৩ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। ১৯৯২ সাল পর্যন্ত এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর অধীনে থাকে। এরপর কলেজটি এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত অবস্থায় আছে।

কলেজটিতে অধ্যয়ন করে দেশ এবং দেশের বাইরে সুনাম কুড়িয়েছেন উত্তরবঙ্গের অনেক কৃতি সন্তান। এই কলেজ থেকেই অধ্যয়ন করে বাংলাদেশের সর্বোচ্চ স্থান রাষ্ট্রপতি হয়েছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সন্তান হুসেইন মো. এরশাদ। এছাড়াও এই কলেজে অধ্যয়ন করে জাতীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন সাহিত্যিক ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতা রাউফুন বসুনীয়া, সাংবাদিক, কথা-সাহিত্যিক, নাট্যকার, কলাম লেখক আনিসুল হক, অভিনেতা ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর, কবি ও নজরুল-গবেষক, সাংবাদিক আবদুল হাই শিকদার, রাজনীতিক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ, প্রখ্যাত ছড়াকার রফিকুল হক, ইংল্যান্ডের ল্যাংকাশায়ার হিন্ডবার্ন সিটির সাবেক মেয়র আলতাফুর রহমান, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিম।

এছাড়াও বাংলাদেশের চারণ সাংবাদিকতার পথিকৃত প্রতিথযশা সাংবাদিক মোনাজাত উদ্দিন ও এই কারমাইকেল কলেজের ছাত্র ছিলেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি এবং ৬ষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম সহ ব্রিটিশ বিরোধি স্বাধীনতা সংগ্রামী ও তেভাগা আন্দোলনের নেতা মণিকৃষ্ণ সেন এই কলেজে অধ্যয়ন করেন।

ঐতিহাসিক এ কলেজের বর্তমান বিভাগ রয়েছে ১৮টি, শিক্ষকের সংখ্যা ১৭২ জন এবং শিক্ষার্থী রয়েছে ২৫ হাজারেরও বেশি।

সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬