ময়মনসিংহে কনকনে শীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানবি) দুইদিনব্যাপী ‘কুয়াশা উৎসবে’র আয়োজন করা হয়েছে।
‘কুয়াশায় সু আশায় কহ কুশলাদি’ স্লোগানকে সামনে রেখে রোববার-সোমবার (২৯-৩০ ডিসেম্বর) উদযাপন করা হবে ব্যতিক্রমধর্মী এ কুয়াশা উৎসবের। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কবি নজরুলের স্মৃতি বিজরিত ক্যাম্পাসে শীতের সৌন্দর্যকে তুলে ধরতেই বৈচিত্র্যধর্মী এ উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
কুয়াশা উৎসবে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, কবিতা, আবৃত্তি, গান, নাচ থাকবে। এছাড়া থাকছে শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা, পারফর্মিং আর্ট, বইমেলা, পিঠা-পুলিসহ আদিবাসী নৃত্য। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড দল বাংলা ফাইভ, ও স্বরব্যাঞ্জোর পরিবেশনা।
আয়োজকরা জানান, উৎসবের জন্য গত ১ ডিসেম্বর থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি চলে এর প্রচারণা। ক্যাম্পাস ঘুরে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান পরিবেশনার মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে। একই কার্যক্রম চলে ময়মনসিংহ শহরেও।