মেধার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতায় দক্ষ নাগরিক হতে হবে: ইউজিসি চেয়ারম্যান

৩০ জুলাই ২০২৬, ০৪:১২ PM
বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ © টিডিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শুধু মেধাবী হলেই চলবে না, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়, বরং জ্ঞান, মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে সমাজ ও দেশের জন্য যোগ্য মানুষ তৈরি করা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। তাই তোমরা মেধাবীদের মধ্যেও মেধাবী। তবে সেই মেধার যথাযথ বিকাশ ঘটাতে হলে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি, গবেষণা ও উচ্চশিক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের কেবল শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ না থেকে গবেষণা, খেলাধুলা, বিতর্ক, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে।

শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একটি পরিবার ও একটি স্বপ্ন জড়িয়ে থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আন্তরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, আগামী দু-তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হাইস্পিড ইন্টারনেট, স্মার্ট ক্লাসরুম, সমন্বিত ডিজিটাল সেবা এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থী হিসেবেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও গবেষণার যে অবকাঠামো গড়ে তুলেছে, তা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণযোগ্য মডেল। আগামী চার-পাঁচ বছর পর এখানকার শিক্ষার্থীরাই দক্ষ কৃষিবিদ, গবেষক ও বিজ্ঞানী হিসেবে দেশের কৃষি উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। পরে ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়। এরপর ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের পথপরিক্রমা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। সেই ঐতিহ্য ধরে রাখতে হলে শুধু এআই টুলস বা প্রিন্ট করা নোটের ওপর নির্ভরশীল না হয়ে মৌলিক পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। দেশের কৃষি ও কৃষকের ভরসাস্থল হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কা…
  • ০৬ নভেম্বর ২০২৬
হাদি হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ ১৮ ডিসেম্বর
  • ০৬ নভেম্বর ২০২৬
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
  • ০৬ নভেম্বর ২০২৬
মেডিসিন গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় শাবিপ্…
  • ০৬ নভেম্বর ২০২৬
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে এক টাকা জরিমানাও দিতে হয় ব্যাংকে, ৫১ বছর ধরে চলছে নি…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950