ক্যান্সার চিকিৎসা

চট্টগ্রামে ইমপ্যাক্ট রিভিউ মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পরিদর্শন

১৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ PM
চট্টগ্রাম পরিদর্শনকালে ইমপ্যাক্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল

চট্টগ্রাম পরিদর্শনকালে ইমপ্যাক্ট রিভিউ মিশনের প্রতিনিধি দল © সংগৃহীত

বাংলাদেশে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) যৌথ ‘ইমপ্যাক্ট রিভিউ মিশন ২০২৬’-এর (imPACT Review Mission) আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) এবং আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন।

আইএইএর সিনিয়র প্রোগ্রাম অফিসার ইগোর ভেলজকোভিচের নেতৃত্বে এই মিশনে বিশ্বজুড়ে খ্যাতনামা একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। তারা হলেন— সঞ্জীব গুণাসেকেরা, মেগুমি হোরি, মোহাম্মদ ফাহিম, এলি অ্যাশউইন নারায়ণ, ক্যাথরিন ল্যাম, থমাস নিল প্যাসকুয়াল, নালিকা এস. গুণাবর্ধনা, প্যাট্রিসিয়া জুলি লিং এবং ডা. বিষ্ণু রথ গিরি। এ ছাড়া মিশনের কার্যক্রমে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশগ্রহণ করেন প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ ডা. উমা কুন্ডু পাভলোভিচ এবং ব্রেস্ট সার্জিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ ডা. আনা পাউলা কোরেয়া রিফিনেত্তি।

মিশনের পরিদর্শনকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

চমেক হাসপাতাল: কেন্দ্রবিন্দুতে বিশেষায়িত সেবা ও সমন্বিত অনকোলজি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্যতম প্রধান সরকারি বিশেষায়িত ও রেফারেল চিকিৎসাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক রোগী চিকিৎসার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পরিদর্শনে চট্টগ্রাম অঞ্চলের ক্যান্সার চিকিৎসার বিদ্যমান অবকাঠামো, বিশেষজ্ঞ জনবল, রোগনির্ণয় ও চিকিৎসাসেবার সুযোগ এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয়তা পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পায়। আধুনিক রেডিওথেরাপি, সার্জারি, কেমোথেরাপিসহ অন্যান্য সিস্টেমিক চিকিৎসা, প্যাথলজি, ইমেজিং, প্রশমনসেবা এবং বহুবিভাগীয় চিকিৎসাব্যবস্থার কার্যকর সমন্বয় ক্যান্সার রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা বলছেন, চট্টগ্রামের মতো বৃহৎ অঞ্চলে বিশেষায়িত ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি করা গেলে রোগীদের রাজধানীমুখী নির্ভরতা কমানোর পাশাপাশি নিজ অঞ্চলে সময়মতো চিকিৎসাপ্রাপ্তির সুযোগ সম্প্রসারিত হবে।

ইনমাস: নির্ভুল রোগনির্ণয়ে আধুনিক নিউক্লিয়ার মেডিসিন
আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস), চট্টগ্রাম পরিদর্শন করে। ক্যান্সারসহ বিভিন্ন রোগের নির্ভুল রোগনির্ণয়, আধুনিক ইমেজিং, রোগের বিস্তার নির্ধারণ এবং নির্বাচিত ক্ষেত্রে চিকিৎসায় নিউক্লিয়ার মেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন: বিএমইউতে আন্তর্জাতিক ক্যান্সার মূল্যায়ন মিশন শুরু, লক্ষ্য ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা

পরিদর্শক দল বলছে, চট্টগ্রামে নিউক্লিয়ার মেডিসিনের বিদ্যমান সক্ষমতা, বিশেষজ্ঞ জনবল, প্রযুক্তিগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রয়োজনীয়তা মূল্যায়ন সমন্বিত ক্যান্সার চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। বিশেষ করে রেডিওথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, মেডিক্যাল অনকোলজি, প্যাথলজি ও নিউক্লিয়ার মেডিসিনের মধ্যে কার্যকর সমন্বয় রোগীদের জন্য উন্নত ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আনোয়ারা উপজেলা পরিদর্শন
মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিদর্শন করে। তারা বলছেন, ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

পরিদর্শক দলের মতে, জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্তকরণ, উপযুক্ত ক্যান্সার স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সন্দেহজনক রোগীদের দ্রুত বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে রেফার করার ব্যবস্থা শক্তিশালী করা প্রয়োজন। বিশেষ করে জরায়ুমুখ, স্তন ও মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, উপযুক্ত স্ক্রিনিং এবং প্রাথমিক শনাক্তকরণ রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করতে সহায়ক হতে পারে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার মধ্যে কার্যকর যোগাযোগ ও রেফারেল ব্যবস্থা গড়ে তোলা গেলে গ্রামীণ জনগোষ্ঠীর বিশেষায়িত চিকিৎসাপ্রাপ্তির সুযোগ আরও বৃদ্ধি পাবে।

চট্টগ্রামে সমন্বিত ক্যান্সার চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সম্ভাবনা
চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনবহুল ও অর্থনৈতিক অঞ্চল। এ অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা জাতীয় স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইনমাস এবং অন্যান্য সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিদ্যমান সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগানোর উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আধুনিক রেডিওথেরাপি প্রযুক্তি, দক্ষ অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট, রেডিওথেরাপি টেকনোলজিস্ট, অনকোলজি নার্স, প্যাথলজিস্টসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

পাশাপাশি বহুবিভাগীয় টিউমার বোর্ড, ক্যান্সার রেজিস্ট্রি, উচ্চতর বিশেষজ্ঞ প্রশিক্ষণ, গবেষণা, প্রশমনসেবা এবং প্রমাণভিত্তিক চিকিৎসা নির্দেশিকা অনুসরণের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার মান আরও উন্নত করা সম্ভব।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপজেলা পর্যায় থেকে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র পর্যন্ত একটি কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেও মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন সম্ভাবনা
আইএইএ, ডব্লিউএইচও এবং আইএআরসির যৌথ ইমপ্যাক্ট রিভিউ মিশনের চট্টগ্রাম পরিদর্শন দেশের বিভাগীয় ও উপজেলা পর্যায়ে ক্যান্সার প্রতিরোধ, রোগনির্ণয় এবং চিকিৎসাসেবার বিদ্যমান সক্ষমতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে চট্টগ্রাম অঞ্চলে ক্যান্সার চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ জনবল বৃদ্ধি, গবেষণা এবং বিশেষায়িত চিকিৎসাসেবার সমন্বয় শক্তিশালী করার অগ্রাধিকার নির্ধারণ সহজ হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইনমাস এবং উপজেলা পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা হলে রোগীদের জন্য সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসার সুযোগ সম্প্রসারিত হবে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন ও ভবিষ্যৎ সুপারিশের আলোকে চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, আধুনিক চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সমন্বিত পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেত…
  • ১৩ নভেম্বর ২০২৬
চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950