১০ বছরের মধ্যে ক্যান্সার-হৃদরোগ ‘অতীত’ হয়ে যাবে, জানালেন অ্যানথ্রোপিকের সিইও

১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ PM
দারিও আমোদেই

দারিও আমোদেই © সংগৃহীত ও সম্পাদিত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতির ফলে আগামী এক দশকেরও কম সময়ের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগ অতীতের বিষয় হয়ে যাবে বলে দাবি করেছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। সম্প্রতি অ্যানথ্রোপিকের আইপিও উপলক্ষে আয়োজিত বিনিয়োগকারীদের রোডশোতে দেওয়া বক্তব্যে আমোদেই বলেন, ক্যান্সার, আলঝেইমার, হৃদ্‌রোগ, মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব রোগ অতীতের বিষয় হয়ে যাবে।

তবে তার এ পূর্বাভাসের বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওষুধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা ও গবেষকেরা।

দারিও আমাদেই তার বক্তব্যে বলেন, এসব কোনো বিরল রোগ নয় বরং লাখ লাখ পরিবারের জীবনকে প্রভাবিত করছে। এর মধ্যে কয়েকটি রোগ এখনো চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর অন্যতম।

তিনি আরও বলেন, আমরা যদি এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে এমন এক বিস্ময়কর যুগ তৈরি করতে পারব, যেখানে মানবজাতি সহস্রাব্দ ধরে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে।

তার মতে, এআই জীববিজ্ঞানবিষয়ক গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন এআই খাতের অন্য প্রভাবশালী ব্যক্তিরাও। তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক ও গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস।

হাসাবিসের ধারণা, এআই ওষুধ আবিষ্কারের এক দশকের প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে পারে। এর ফলে আগামী এক দশকের মধ্যে সব রোগের অবসান কিংবা সব ধরনের রোগ নিরাময়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। এ ক্ষেত্রে গুগলের এআই প্রযুক্তি আলফাফোল্ডের সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে, প্রযুক্তিটি ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করেছে। তবে এই সাফল্য ক্যান্সার, আলঝেইমার কিংবা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আবিষ্কারের নিশ্চয়তা দেয় না। অন্যদিকে, এআইয়ের অগ্রগতি নিয়ে ওষুধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা এতটা আশাবাদী নন। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের পূর্বাভাসকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির প্রযুক্তি পরীক্ষা করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করা হলেও কোনো এআই কোম্পানি এককভাবে চিকিৎসায় সরাসরি ব্যবহারযোগ্য কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

ওষুধশিল্পের কর্মকর্তাদের মতে, এআই ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় অণু শনাক্তের কাজ দ্রুত করতে পারে। তবে ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা কিংবা প্রাণী ও মানুষের শরীরে পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জানা যায়, সাধারণত একটি ওষুধ আবিষ্কার থেকে বাজারে আসতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। সম্ভাবনাময় কোনো অণু কম্পিউটারে শনাক্তের পর পরীক্ষাগারে, প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এর নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করতে হয়।

জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিষয়ক গবেষক এরিক টোপোলও এআইয়ের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমান এআই মডেলগুলোর জীববিজ্ঞানের গভীর কার্যকারণ বোঝার সক্ষমতা এখনো সীমিত। ফলে নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা আবিষ্কারের দাবি করার মতো পর্যায়ে এসব প্রযুক্তি পৌঁছায়নি।

এদিকে, ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসাক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, চিকিৎসাবিজ্ঞানে এআই বড় পরিবর্তন আনতে পারে, তবে এ নিয়ে অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতার তুলনায় অনেক বাড়িয়ে দিতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ১১ নভেম্বর ২০২৬
পত্রিকা দিয়ে মুখ ঢেকে সংসদে ফোনালাপ, পেছন থেকে সতর্ক করলেন …
  • ১১ নভেম্বর ২০২৬
একযোগে ৭ জেলার এএসপিকে বদলি
  • ১১ নভেম্বর ২০২৬
তিনজনকে কাটিয়ে অবিশ্বাস্য গোল ফারহানের
  • ১১ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্…
  • ১১ নভেম্বর ২০২৬
হামজার অসাধারণ গোল, প্রথমার্ধে দাপট বাংলাদেশের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950