বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স্ক্রিনিং প্রোগ্রাম

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ PM
বিশেষ সিএমই ও স্ক্রিনিং প্রোগ্রাম

বিশেষ সিএমই ও স্ক্রিনিং প্রোগ্রাম © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রক্ত সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বা অস্থিমজ্জা প্রতিস্থাপনের নতুন সম্ভাবনা ও অগ্রগতির বার্তা নিয়ে দিনব্যাপী বিশেষ বৈজ্ঞানিক সম্মেলন (সিএমই) এবং হেমাটো অনকোলজি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শহীদ ডা. মিল্টন হলে ‘ওয়ান ডে, টু ইনিশিয়েটিভ’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির হেমাটোলজি বিভাগ, মেডিস্থান হেলথ কেয়ারসহ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ‘কন্ডিশনিং ফর অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন’ শীর্ষক মূল বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের এশিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগের প্রধান ডা. ভিভোর শর্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং বিশেষ অতিথি উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বিশ্ববিদ্যালয়ে রক্তের জটিল রোগের সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার ওপর জোর দেন। বক্তারা বিএমইউতে একটি পূর্ণাঙ্গ ‘বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন সেন্টার’ প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দেশেই উন্নত প্রযুক্তির এই চিকিৎসাসেবা চালুর মাধ্যমে নতুন দিগন্ত সূচনার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সিএমই প্রোগ্রামের পাশাপাশি আয়োজিত হেমাটো অনকোলজি স্ক্রিনিং ও কনসালটেশন প্রোগ্রামে বিদেশ থেকে আসা ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎস দল এবং বিএমইউ হেমাটোলজি বিভাগের চিকিৎসকেরা যৌথভাবে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬০ জন রক্তের জটিল রোগীর ফ্রি স্ক্রিনিং ও মেডিকেল হিস্ট্রি লিপিবদ্ধ করা হয়। প্রাথমিক পর্ব শেষে এই রোগীদের মধ্য থেকে যাদের ট্রান্সপ্ল্যান্টেশন প্রয়োজন হবে, বিএমইউতেই তাঁদের অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেডিস্থান হেলথ কেয়ারের পরিচালক ডা. মাসকুর আহমদ উসমানী, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুজ্জামান খান, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীর এবং অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদসহ বিভাগটির শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬