গবেষণা

দিনে ৫ কাপ পর্যন্ত কফি পান নিরাপদ, এনার্জি ড্রিংকে কড়া সতর্কতা

২৩ জুলাই ২০২৬, ০৮:৪০ AM
ব্ল্যাক কফি

ব্ল্যাক কফি © সংগৃহীত

দিনে সর্বোচ্চ পাঁচ কাপ পর্যন্ত ক্যাফেইনযুক্ত কফি পান বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন। সংস্থাটির মতে, প্রতিদিন সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায় না। বরং পরিমিত কফি পান কিছু হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে।

সম্প্রতি সমীক্ষাভিত্তিক এই বৈজ্ঞানিক বিবৃতি প্রকাশিত হয়েছে সার্কুলেশন সাময়িকীতে।

গবেষণায় বলা হয়েছে, চিনি, ক্রিম বা অন্যান্য উপাদান ছাড়া সাধারণ ব্ল্যাক কফি থেকে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নিরাপদ। এটি প্রায় পাঁচ কাপ ৮ আউন্সের ক্যাফেইনযুক্ত কফির সমান।

গবেষণার প্রধান লেখক ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগরি এম. মার্কাস বলেন, কফি লাখো মানুষের দৈনন্দিন জীবনের অংশ। সাম্প্রতিক গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, প্রতিদিন ৪০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন গ্রহণ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায় না।

তবে তিনি সতর্ক করে বলেন, এনার্জি ড্রিংক ও এনার্জি শটের মতো পানীয়তে উচ্চমাত্রার ক্যাফেইন থাকে। এগুলো হৃদ্‌স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এসব পানীয় এড়িয়ে চলা উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন দুই থেকে চার কাপ ক্যাফেইনযুক্ত কফি পান হৃদ্‌রোগ, হৃদ্‌অকার্যকারিতা (হার্ট ফেইলিউর) ও স্ট্রোকের ঝুঁকি কমার সঙ্গে সম্পর্কিত। তবে প্রতিদিন চার কাপের বেশি কফি পান করলে কিছু মানুষের ক্ষেত্রে হার্ট ফেইলিউরের ঝুঁকি বাড়তে পারে।

এতে আরও বলা হয়েছে, কোনো উপাদান মেশানো ছাড়া ব্ল্যাক কফি পান টাইপ-২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্ট্রোক, হার্ট ফেইলিউর এবং কিছু ধরনের অনিয়মিত হৃদ্‌স্পন্দনের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

তবে গবেষকেরা উল্লেখ করেছেন, কফিতে থাকা ক্যাফেইনের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক উপাদানও স্বাস্থ্যগত প্রভাব ফেলতে পারে। আবার চিনি, ফ্লেভার সিরাপ, দুধ বা ক্রিম মেশালে ফলাফল ভিন্ন হতে পারে। তাই কেবল ক্যাফেইনের প্রভাব আলাদাভাবে নির্ধারণ করা কঠিন।

গবেষণায় আরও বলা হয়েছে, কফির ক্যাফেইন কিছু ক্ষেত্রে এট্রিয়াল ফাইব্রিলেশন–এর ঝুঁকি কমাতে পারে। তবে প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কনট্রাকশনস বা অস্বাভাবিক হৃদ্‌স্পন্দনের প্রবণতা বাড়াতে পারে।

এনার্জি ড্রিংকের বিষয়ে গবেষকেরা বিশেষ সতর্কতা দিয়েছেন। এসব পানীয়ে প্রতি ফ্লুইড আউন্সে ৪০ থেকে ৬৯ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। অথচ সাধারণ কফিতে থাকে প্রতি ফ্লুইড আউন্সে ৯ দশমিক ৪ থেকে ২০ দশমিক ৬ মিলিগ্রাম। উচ্চমাত্রার এই ক্যাফেইন রক্তচাপ বৃদ্ধি ও অনিয়মিত হৃদ্‌স্পন্দনের ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাফেইনের প্রভাব সবার ক্ষেত্রে এক রকম নয়। বয়স, জিনগত বৈশিষ্ট্য, ওষুধ সেবন, শারীরিক অবস্থা, বিপাকক্রিয়া ও নিয়মিত ক্যাফেইন গ্রহণের অভ্যাসের ওপর এর প্রভাব নির্ভর করে। স্বল্পমেয়াদে এটি রক্তচাপ, হৃদ্‌স্পন্দন, রক্তে শর্করার মাত্রা ও সতর্কতা বাড়াতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে বুক ধড়ফড়, উদ্বেগ বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

গ্রেগরি মার্কাস বলেন, ক্যাফেইন গ্রহণের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বোঝা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যাফেইন গ্রহণের মাত্রা নির্ধারণ করা উচিত।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, চা, কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও খাদ্য–পরিপূরকসহ বিভিন্ন উৎসের ক্যাফেইন হৃদ্‌স্বাস্থ্যে কী ধরনের প্রভাব ফেলে, তা আরও ভালোভাবে বুঝতে ভবিষ্যতে নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল গবেষণার প্রয়োজন রয়েছে।

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা
  • ২৩ জুলাই ২০২৬
কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনে…
  • ২৩ জুলাই ২০২৬
এক সপ্তাহের মধ্যে বঙ্গভবন ছাড়ছেন রাষ্ট্রপতি?
  • ২৩ জুলাই ২০২৬
ইরান এখন ‘চোখের বদলে চোখ’ নীতিতে চলবে: পররাষ্ট্রমন্ত্রী আরা…
  • ২৩ জুলাই ২০২৬
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সংবিধান কী বলছে?
  • ২৩ জুলাই ২০২৬
ফিফার এক কথা, আইএফএফএইচএস আরেক—বিশ্বকাপের সেরা হিসেবে মেসির…
  • ২৩ জুলাই ২০২৬