© ফাইল ফটো
স্বাস্থ্য সচিবের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় নোয়াখালী জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী। ওই চিকিৎসকের নাম ডা. আবু তাহের।
ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টা ২৪ মিনিটে নিজের ফেসবুক পেজে স্টাট্যাস দেওয়ার মাধ্যমে মাস্ক ও পিপিই প্রাপ্তি বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে শিষ্ঠাচার বর্জিত শব্দ প্রয়োগে অভিযুক্ত করার অপচেষ্টা চালিয়েছেন ডা. আবু তাহের। হাসপাতালের সব ওয়ার্ডে ও বিভাগে চাহিদা অনুযায়ী পিপিইসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী মজুত রয়েছে বলে দাবি করেন তত্ত্বাবধায়ক।
চিঠিতে তিনি বলেন, ‘পিপিইসহ যাবতীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা এবং হাসপাতাল স্টোরে উল্লেখিত সামগ্রী মজুত বিষয়ে সুষ্পষ্ট ধারণা না থাকা সত্ত্বেও আপনি এ বিষয়ে এমন মন্তব্য করেছেন যা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টি, ভুল বোঝাবুঝি বা বিদ্বেষের সৃষ্টি করতে পারে বা প্ররোচিত করতে পারে। এটা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) বিধি মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য এবং শাস্তিযোগ্য অপরাধ।’
কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না তা জানাতে চিঠি পাঠানোর তিন কর্মদিবসের মধ্যে তত্ত্বাবধায়ক বরাবর কারণ দর্শানোর জন্য ডা. আবু তাহেরকে নির্দেশ দেওয়া হয়।
অতীতে ডা. আবু তাহেরের সঙ্গে একজনের বাদানুবাদের কথাও চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, ‘সম্প্রতি অপারেশন থিয়েটারে জনৈক সহকারী অধ্যাপকের সঙ্গে দুর্ব্যবহারের (কোনো কর্মকর্তা বা ভদ্রলোকের পক্ষে অনুচিত শিষ্টাচারবিহীন আচরণ) কারণে আপনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে অভিযোগের দায় থেকে সাময়িকভাবে অব্যাহতি পেয়েছেন বলে নিশ্চিত হয়েছি।’
এই বিষয়ে ভুক্তভোগী ডা. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমি নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে কর্মরত একজন এ্যানেসথেসিওলজিস্ট। রোগীর সবচেয়ে কাছ থেকে আমি চিকিৎসা দেই। গত ১ মাসে প্রতিদিন হাসপাতালে গিয়েছি। এখন পর্যন্ত আমিসহ আমার ডিপার্টমেন্ট এর কেউ ১টিও n95/kn95/ffp2 মাস্ক পাননি। তাহলে স্বাস্থ্য সচিব মিথ্যাচার কেন করলেন? উনি n95 ইকোয়িভেলেন্ট মাস্ক দিচ্ছেন? তাও মাননীয় প্রধানমন্ত্রীকে মিথ্যা বলতেছে? এই মিথ্যাচার এর শাস্তি কি হবে? গত ১ মাসে আমার ডিপার্টমেন্টে ৮ জনের জন্য ২টি পিপিই দেওয়া হয়েছে। এই হলো পর্যাপ্ত পিপিই মজুদ।
তবে এই নিয়ে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালের যেসকল চিকিৎসকদের পিপিই দেওয়া জরুরি মনে করছি তাদেরকেই শুধুমাত্র পিপিই দেওয়া হচ্ছে। আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণ পিপিই মজুদ আছে।
মাস্ক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সার্জিকাল মাস্কগুলো আমাদের সকল ডাক্তারদেরকে দিয়েছি। তবে n95 মাস্ক নিয়ে তিনি কিছু বলেননি। এছাড়াও ডা. আবু তাহেরের অব্যাহতির বিষয় জানাতে চেয়েও কোন সাড়া পাওয়া যায়নি।