উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ PM
পে-স্কেল

পে-স্কেল © সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে নতুন বেতন কাঠামোর বিভিন্ন বিধান তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়েও বিস্তারিত বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে স্বয়ংক্রিয়ভাবে নবম বছরে তার পদের মূল স্কেলের পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। তবে এ উচ্চতর গ্রেড পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না।

এতে আরও বলা হয়েছে, যেসব স্থায়ী কর্মচারীর ১ জুলাই ২০২৬-এর আগে একই পদে চাকরির আট বছর পূর্ণ হয়েছে কিন্তু ১০ বছর পূর্ণ হয়নি, তারাও ১ জুলাই ২০২৬ থেকে উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হবেন।

প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আরও ছয় বছর কাজ করলে এবং চাকরি সন্তোষজনক হলে প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার তারিখ থেকে ষষ্ঠ বছর পূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাবেন। এটিও পদোন্নতি হিসেবে বিবেচিত হবে না।

আরও পড়ুন: নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দেখুন এখানে

তবে উচ্চতর গ্রেডের এ আর্থিক সুবিধা বেতনস্কেলের চতুর্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। চতুর্থ গ্রেড বা তার ওপরে থাকা কোনো কর্মচারী এ সুবিধা নিয়ে তৃতীয় গ্রেড বা তার ওপরে বেতন পাবেন না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী একই পদে উচ্চতর গ্রেডের এ আর্থিক সুবিধা দুইবারের বেশি পাবেন না। একই সঙ্গে কোনো কর্মচারী আগের বেতনস্কেলের আওতায় একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে ওই পদে থাকা অবস্থায় জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী আর উচ্চতর গ্রেড পাবেন না।

এ ছাড়া কোনো স্থায়ী কর্মচারী ৩০ জুন ২০২৬ বা এর আগে একই পদে চাকরিকালীন একটি মাত্র উচ্চতর স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে পরবর্তী ছয় বছর পূর্তির পর এবং চাকরি সন্তোষজনক হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন। তবে এ ক্ষেত্রে ৩০ জুন ২০২৬ বা এর আগে সময়ের কোনো বকেয়া প্রাপ্য তিনি পাবেন না।

জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ব্লক পদ এবং যেসব পদে পদোন্নতির কোনো সুযোগ নেই, সেসব পদে কর্মরত কর্মচারীদের জন্যও উচ্চতর গ্রেডের বিশেষ বিধান রাখা হয়েছে।

এ ধরনের কর্মচারীরা প্রথম দুই উচ্চতর গ্রেড পাওয়ার পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার তারিখ থেকে আট বছর পূর্ণ হলে সন্তোষজনক চাকরির শর্তে স্বয়ংক্রিয়ভাবে নবম বছরে তৃতীয় উচ্চতর গ্রেড পাবেন। তবে একই পদে পুরো চাকরিজীবনে এ সুবিধা তিনবারের বেশি পাওয়া যাবে না।

আরও পড়ুন: পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে এ ধরনের তৃতীয় উচ্চতর গ্রেড দেওয়া হবে না। সন্তোষজনক চাকরি’ বলতে কর্মচারীর পদোন্নতিসহ প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধানে যেভাবে সন্তোষজনক চাকরি বিবেচনা করা হয়, উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার ক্ষেত্রেও একই বিধান বোঝাবে।

আর ‘স্বয়ংক্রিয়’ বলতে বিভাগীয় পদোন্নতি কমিটি ছাড়াই, প্রযোজ্য ক্ষেত্রে মন্ত্রণালয় বা বিভাগের সচিব কিংবা নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফিস আদেশ জারির মাধ্যমে উচ্চতর গ্রেড দেওয়ার বিষয়টি নিষ্পত্তি করাকে বোঝানো হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আইনি সেবা সহজীকরণের তরুনদের উ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক এক
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
এবার কোচদেরও বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম নিয়োগে সরকারি চাকরির বেতন কীভাবে নির্ধারণ হবে, নবম প…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন কীভাবে, দেখে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬