যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৪ আগস্ট ২০২৬, ০৫:৩৪ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক © সংগৃহীত

যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি, কেয়ার বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে তরুণরা যাতে বেকার হয়ে বসে না থাকে, সেজন্য কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে। দেশের যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ করা হবে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে ৪র্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক ও তরুণদের কর্মমুখী শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে না পারায় তারা হতাশ হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। দেশের মোট মাদকাসক্তের প্রায় ৮০ শতাংশই তরুণ ও যুবক। বর্তমান সরকারের কর্মমুখী শিক্ষা, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি এবং মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

এদিকে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক এই ছায়া সংসদ বিতর্কে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

চট্টগ্রামে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ইয়ার্ডে…
  • ১৪ আগস্ট ২০২৬
জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, যে কারণ জানাল ফায়ার সার্ভিস 
  • ১৪ আগস্ট ২০২৬
যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে: যুব ও ক্রীড…
  • ১৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সভায় অনুপস্থিত অর্ধেকের বেশি ন…
  • ১৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে গ্যাসের তীব্র সংকটের কারণ কী এবং সমাধানে সরকার কী…
  • ১৪ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্স হাসপাতাল ১০০০ শয্যায় উন্নীত হচ্ছে কাল, উদ্বোধন…
  • ১৪ আগস্ট ২০২৬