‘কক্সবাজারে মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবে সরকার’

০৭ আগস্ট ২০২৬, ০৭:৪৩ PM
কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত © সংগৃহীত

কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। সামুদ্রিক শিক্ষা ও গবেষণার প্রসার এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে। ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কক্সবাজারকে ঘিরে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকার একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সামুদ্রিক শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। 

তিনি বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব।

তিনি আরও বলেন, প্রকৃতিকে সংরক্ষণ করে পর্যটনের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু উঁচু ইমারত নির্মাণই পর্যটন হতে পারে না। কক্সবাজার সমুদ্র সৈকতের সমগ্র একশো কিলোমিটার জুড়েই সমস্ত কর্মকাণ্ড হতে হবে। বিশ্বব্যাপী কক্সবাজারের সৌন্দর্যকে ছড়িয়ে দিয়ে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে হবে। শুধু অবকাঠামো নির্মাণের জন্য গুরুত্ব না দিয়ে, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন সম্প্রসারণের চেষ্টা করতে হবে। 

এসময় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কউকের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ইস্যুতে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ…
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬
জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা হবে বেতন স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬