প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলাসহ চার বিষয়, লাগবে ৫০–৬০ হাজার শিক্ষক: ববি হাজ্জাজ

১০ জুন ২০২৬, ০১:০১ PM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৮:৫৮ PM
মতবিনিময় সভায় কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মতবিনিময় সভায় কথা বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক পাঠ্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নতুন কারিকুলাম প্রণয়ন ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন পদ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এসব বিষয়ে একটি টেকসই ক্যারিয়ার পাথেয় গড়ে উঠবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে ববি হাজ্জাজ বলেন, ‘আমরা চাই আপনাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাক। সে লক্ষ্যে কীভাবে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষকতা-সম্পর্কিত প্রস্তুতি যুক্ত করা যায় এবং কীভাবে যৌথভাবে দক্ষ শিক্ষক তৈরি করা যায় সেসব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানরাসহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবইয়ে চারটি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬