যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টিকে নিয়ে বিবৃতি দিল সরকার

২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ PM
নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী

নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দ্রুত সম্ভব দেশে আনার প্রক্রিয়ার কাজ চলছে। 

সেখানে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থাসমূহের সাথে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইতোমধ্যে, জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট মরদেহটি দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সাথে সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমান প্রেক্ষাপটে, এই মুহূর্তে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুটসমূহ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে আরও তথ্য প্রাপ্তির জন্য দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। মার্কিন তদন্তকারী সংস্থা হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস দূতাবাসকে অবহিত করেছে যে, এ ঘটনার সাথে সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যামামলা দায়ের করা হয়েছে। তদন্ত সক্রিয়ভাবে চলমান থাকায় শেরিফ অফিস এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়েছে এবং পরবর্তী পদক্ষেপসমূহ সরাসরি ভুক্তভোগী পরিবারের সাথে সমন্বয় করার আশ্বাস দিয়েছে ।’ 

সরকারের অবস্থান ব্যক্ত করে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করছে।’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬