ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪ নভেম্বর ২০২৬, ১০:৩১ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের সামনে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ ছিল লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ম্যাচের শেষদিকে গোল হজম করে পাকিস্তানের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশকে। ফলে আরও দীর্ঘ হলো সাফের ফাইনালে খেলার অপেক্ষা।

সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দলটি। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। কখনো গ্রুপ পর্বে, কখনো সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের এত কাছে গিয়েও আর শিরোপার মঞ্চে ওঠা হয়নি তাদের।

দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছিল এবার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। 

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। গোলের সুযোগ তৈরি হয়েছে দুই দলের সামনেই। বল লেগেছে দুই দলের পোস্টেও। কিন্তু নির্ধারিত সময়ের শেষদিকে পাকিস্তানের একটি গোলই গড়ে দেয় ব্যবধান।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল পাকিস্তানের। প্রথম দুই মিনিটেই বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে তারা। সমিত সোমের একটি মিস পাস থেকে তৈরি হওয়া আক্রমণে লক্ষ্যে শটও নেয় সফরকারীরা। তবে দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে দুই হাতে বল ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। পরের মিনিটেও আক্রমণে ওঠে পাকিস্তান। যদিও এবার আর গোলকিপারকে পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

শুরুর সেই চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের সপ্তম মিনিটে কাজেম শাহর নেওয়া শট অবশ্য পাকিস্তানের গোলকিপারকে খুব একটা বেগ পেতে দেয়নি। সহজেই সেটি ঠেকিয়ে দেন তিনি।

প্রথম ১০ মিনিটের পর দুই দলই কিছুটা সমতা নিয়ে লড়াই করতে থাকে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরুর আক্রমণের ধার কিছুটা কমে আসে। বাংলাদেশ কয়েকবার বল নিয়ে এগোলেও পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যায় আক্রমণ। প্রতিপক্ষের ডিফেন্ডারদের শারীরিক সক্ষমতার সঙ্গে পেরে উঠতে কিছুটা বেগ পেতে হয় বাংলাদেশের ফরোয়ার্ডদের।

ম্যাচের ৩০ মিনিটে কুলিং ব্রেক দেন রেফারি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পাকিস্তান। বাংলাদেশের রক্ষণভাগে তৈরি হতে থাকে চাপ। একপর্যায়ে তারিক কাজীর মার্কিংয়ে ঘাটতির সুযোগ নিয়ে ফাঁকায় বল পেয়ে যান আব্দুস সামাদ। দারুণ একটি শটও নেন তিনি। তবে বাংলাদেশের স্বস্তি, সামাদের সেই প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় স্বাগতিকরা।

এর আগে গোলের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল বাংলাদেশও। সমিত সোমের হেড থেকে পাওয়া বলে দুর্দান্ত এক শট নেন রাকিব। তার জোরালো প্রচেষ্টা প্রথমে ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলকিপার। তবে ফিরতি বলটি ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল গিয়ে লাগে পোস্টে। এমন সুবর্ণ সুযোগ পেয়েও গোলের দেখা মেলেনি বাংলাদেশের।

ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দুই দলই একটি করে শট পোস্টে লাগালেও জালের দেখা পায়নি কেউ। 

বিরতির পরও ম্যাচে উত্তেজনা বজায় থাকে। বাংলাদেশ চেষ্টা করে আক্রমণে ওঠার, অন্যদিকে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে যায় পাকিস্তান।

ম্যাচের শেষদিকে এসে বাড়তে থাকে উত্তেজনা। ৮৫তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউল করে পাকিস্তানকে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিকের সুযোগ করে দেন হামজা চৌধুরী। সেই ফ্রি-কিক থেকে নেওয়া শট লক্ষ্যেই ছিল। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে দুর্দান্ত সেভ করেন শ্রাবণ। বাংলাদেশের সমর্থকদের মনে তখন স্বস্তি ফিরেছিল।

এর কিছুক্ষণ পর ভালো একটি ক্লিয়ারেন্সও করেন হামজা। তবে পাকিস্তানের আক্রমণের চাপ পুরোপুরি সামাল দিতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ। শেষ পর্যন্ত আব্দুল সামাদের নেওয়া শট ঠেকাতে পারেননি শ্রাবণ। বল জালে জড়াতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। ম্যাচের তখন বাকি আর মাত্র পাঁচ মিনিট।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু হাতে সময় ছিল খুবই কম। পাকিস্তানের রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এই হারে আবারও থেমে গেল বাংলাদেশের ফাইনালে ওঠার স্বপ্ন। ২০০৫ সালের পর থেকে সাফের ফাইনালে খেলার যে অপেক্ষা, তা আর শেষ হলো না। ঘরের মাঠে সমর্থকদের সামনে ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েও ব্যর্থ হলো বাংলাদেশ।

এদিকে এবারই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
যুবদল নেতা নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগ সেক্রেটারির হুঁশিয়ারি
  • ১৪ নভেম্বর ২০২৬
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘বন…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ের খবর, ভিডিও কলে গলায় ফাঁস নিলেন মালয়েশিয়া প্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950