বাংলাদেশ দল © সংগৃহীত
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় অভিজ্ঞ রহমত মিয়া সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা ইব্রাহিমকে একাদশের বাইরে রেখে ফর্টিজের জাপানি বংশোদ্ভূত ফরোয়ার্ড সুকি ইতোফুসাকে শুরুর একাদশে রেখেছেন থমাস ডুলি।
পাকিস্তানের বিপক্ষে ৮ প্রবাসী ফুটবলার নিয়ে স্বাগতিকদের প্রথম একাদশ সাজানো হয়েছে। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া একাদশের বাইরে রয়েছেন। ২০১৩ সালে জামাল ভূঁইয়ার হাত ধরেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের পথচলা শুরু হয়েছিল।
জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। এই ম্যাচে জয় পেলেই দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার সুযোগ পাবে স্বাগতিকরা। সর্বশেষ ২০০৫ সালে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলেছিল লাল-সবুজের দল। সেবার ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। এরপর আর কোনো আসরে ফাইনালে জায়গা করে নিতে পারেনি তারা।
এদিকে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফলে পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও টি-স্পোর্টস গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। টেলিভিশনের বাইরে থাকা দর্শকেরা মোবাইল ফোনে বঙ্গ ও টফি অ্যাপের মাধ্যমে খেলা দেখতে পারবেন দর্শক-সমর্থকরা।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইউসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।