সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে মাত্র এক পয়েন্টই প্রয়োজন ছিল ভারতের। তবে ড্র নয়, মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চারে উঠেছে দলটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ভারতের জয়ের নায়ক সুহাইল ভাট। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে করা তার একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট পায় ভারত।
এর আগে, টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচের পর স্কোয়াডের ৬ ফুটবলারকে দেশে ফিরিয়ে নেয় দলটি। ফলে মালদ্বীপের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আসে। তবে সেই পরিবর্তন ভারতের জয়ের পথে বাধা হতে পারেনি।
ম্যাচের ৩৮তম মিনিটে বক্সের ভেতর আবদুল রাবেহকে ফাউল করা হলে পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান মোহনবাগানের তরুণ ফরোয়ার্ড সুহাইল। চলতি আসরে তার তৃতীয় গোল এটি।
এগিয়ে যাওয়ার পরও ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় ভারত। অন্যদিকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল মালদ্বীপও। ম্যাচের ৭৯তম মিনিটে হামধানের নেওয়া ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ভারতীয় গোলরক্ষক। এর পাঁচ মিনিট পর মুজধান হাসানের শটও রুখে দেন তিনি।
ম্যাচের যোগ করা সময়ে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল মালদ্বীপ। বক্সের ভেতর বল পেয়ে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন জাকি। তবে সামনে এগিয়ে এসে তার শট মুখ দিয়ে আটকে দেন ভারতীয় গোলরক্ষক দুবে।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই জয়ে গ্রুপ ‘বি’-তে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে দলটি। অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মালদ্বীপ।