বাংলাদেশ দল © সংগৃহীত
রেফারির সিদ্ধান্তকে আরও নির্ভুল ও গ্রহণযোগ্য করতে বিশ্বজুড়েই বাড়ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। বৈশ্বিক টুর্নামেন্টের পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবলেও চালু হয়েছে এই প্রযুক্তি। এবার দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি ব্যবহার হতে যাচ্ছে চলমান সাফে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনালে ভিএআর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি ব্যবহার করবে সাফ। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’। তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। এ ক্ষেত্রে মাঠের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে থাইল্যান্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করবেন এবং আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করে মাঠের রেফারিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবেন।
ভিএআর প্রযুক্তি ব্যবহারের জন্য জাতীয় স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তির নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে উপস্থিত থেকে কাজ করছেন।
তবে রিমোট ভিএআর পদ্ধতিতে থাইল্যান্ড থেকে ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের স্থিতিশীলতা এবং দুই দেশের ভৌগোলিক দূরত্বের কারণে সৃষ্ট সময়গত বিলম্ব বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই হবে প্রযুক্তিটির কার্যকর ব্যবহারের অন্যতম শর্ত।
এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেটা অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট ও অন্য বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থা রয়েছে। আশা করি সুন্দরভাবেই সম্পাদন হবে।’
তিনি আরও বলেন, ‘ভিএআর চালু করা দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। প্রতিযোগিতার পেশাদার মান বাড়ানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রযুক্তি চালু করতে মূল্যবান সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতি আমরা কৃতজ্ঞ।’