শ্রীলঙ্কার জালে ৪ গোলের ‘বাংলা ঝাল’, সেমিফাইনালে বাংলাদেশ

১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ PM
বাংলাদেশের উদযাপন

বাংলাদেশের উদযাপন © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমত গোল উৎসবেই মাতল বাংলাদেশ। একে একে চারবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে লঙ্কানদের রীতিমতো নাস্তানাবুদ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ৪ গোলের দাপুটে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বলা যায়, লঙ্কানদের জালে এদিন ভালোই ‘বাংলা ঝাল’ ছড়িয়েছে স্বাগতিকরা!

বুধবার (১১ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে ওঠে বাংলাদেশ। বক্সের ভেতর রাকিবের বাড়ানো ক্রসে অবশ্য বল ধরার মতো কেউ ছিলেন না। চতুর্থ মিনিটে রাকিবের আরেকটি ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল হামজার কাছে। তবে শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেনের বাধায় সে যাত্রায় গোলের সুযোগ তৈরি হয়নি। ফিরতি বল পেয়ে বক্সের ঠিক সামনে রাকিব ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। সেখান থেকে হামজার নেওয়া শট অবশ্য গোলবারের লক্ষ্যে রাখতে পারেননি।

অষ্টম মিনিটেই আসে বাংলাদেশের প্রথম গোল। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা। বল লাগে এক ডিফেন্ডারের গায়ে, সেখান থেকে চলে যায় সোমের কাছে। তার প্রথম শট প্রতিহত হলেও ফিরতি চেষ্টায় জাল খুঁজে নেন তিনি। তাতেই এগিয়ে যায় বাংলাদেশ।

গোলের পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ডান প্রান্ত দিয়ে বারবার শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করেছেন রাকিব। সতীর্থদের জন্য বেশ কয়েকটি ভালো বলও বাড়িয়েছেন তিনি। তবে সেসব বল থেকে সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

২৬তম মিনিটে আবারও দারুণ একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের অসাধারণ পাসে বল পেয়ে যান হামজা। তবে শট নেওয়ার আগেই সামনে এসে দাঁড়ান শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। এরপর ব্যাকহিলে গোলের চেষ্টা করলেও বল জালে জড়াতে পারেননি তিনি।

৩৮তম মিনিটে পাল্টা আক্রমণে ভালো একটি সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাও। ডান দিক থেকে আসা দুর্দান্ত ক্রসে গোলের সম্ভাবনা তৈরি হলেও বল ছোঁয়ার মতো কাউকে খুঁজে পায়নি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন হামজা। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাস বক্সের বাইরে পেয়ে যান তিনি। এরপর দুর্দান্ত গতিতে এগিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলেন। তার নেওয়া শট গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে দিক পরিবর্তন করে আশ্রয় নেয় জালে। হামজার দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে দাপুটে পারফরম্যান্সে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও থামেনি স্বাগতিকদের গোল-উৎসব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সফরকারীদের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণ গড়ে তুললে বেশ কিছু সুযোগও তৈরি হয়, কিন্তু প্রত্যাশিত গোলের দেখা মিলছিল না।

তবে ম্যাচের ৫৩তম মিনিটে সবাইকে রীতিমতো স্তব্ধ করে দিয়ে অবিশ্বাস্য একক নৈপুণ্যে দুর্দান্ত এক গোল উপহার দেন ফারহান আলী!

বক্সের সামান্য বাইরে বল পেয়ে বাঁ-দিক দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়েন ফারহান। এরপর একে একে শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান তিনি। তার দুর্দান্ত ড্রিবলিংয়ের সামনে প্রতিপক্ষের খেলোয়াড়দের যেন অসহায় দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে নিজের নাম লেখান স্কোরশিটে। সামনে দাঁড়িয়ে থাকা হামজার চোখেমুখেও তখন স্পষ্ট বিস্ময়!

এমন চোখধাঁধানো গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। সাদ উদ্দিনসহ অন্য ফুটবলাররা ফারহানকে কাঁধে তুলে নিয়ে মেতে ওঠেন উদ্‌যাপনে।

অন্যদিকে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন রাকিব। একের পর এক দারুণ ক্রস বাড়িয়েছেন, তবে সেগুলো থেকে গোলের দেখা মেলেনি। সেসব দুঃখ ভুলে ম্যাচের শেষদিকে নিজেই খুঁজে নেন গোলের ঠিকানা।

চমৎকার এক চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। অসাধারণ ফিনিশিংয়ে ৮৭তম মিনিটের স্বাগতিকদের গোলসংখ্যা পৌঁছে যায় চারে।

এর আগে ৮৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ তৈরি হয়েছিল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নিয়েছিলেন সুকি। তবে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।

এই জয়ের মধ্য দিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আর মহাদেশীয় এই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো শ্রীলঙ্কা। এ ছাড়া রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভুটানও।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় মুখোমুখি হবে দল দুটি। একইদিন দুপুরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটান।

চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950