এরিক মেয়ার © সংগৃহীত
পিটার বাটলারের শারীরিক অসুস্থতায় এক মাসের জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ। তাই অল্প সময়ের প্রস্তুতিতে দলকে নতুনভাবে সাজানোর বদলে বাটলারের ফুটবল দর্শন ধরে রেখেই প্রয়োজনীয় পরিবর্তন আনতে চান তিনি।
সোমবার (৯ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পরিকল্পনার কথা জানান মেয়ার। তিনি বলেন, ‘আপনি শুরু থেকেই সবকিছু পরিবর্তন করতে পারেন না। আমি পিটারের দর্শনই ধরে রাখব। তবে কিছুটা মানিয়ে নেব।’
বাংলাদেশ নারী ফুটবলের অগ্রগতিতে সন্তুষ্ট মেয়ার। বিশেষ করে সাফে সাফল্য ও তরুণ খেলোয়াড়দের উন্নয়নে গুরুত্ব দিতে চান তিনি। দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ দিন খেলোয়াড়দের ভিডিও, তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখতে চান।
মেয়ার বলেন, ‘নারী ফুটবলে বাংলাদেশ অনেক এগিয়েছে। সাফ টুর্নামেন্টে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতকে হারানো গুরুত্বপূর্ণ অর্জন। আফ্রিকাতেও আমি দেখেছি, প্রতিটি দেশ নারী ফুটবলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদেরও তরুণ খেলোয়াড়দের একসঙ্গে উন্নতি করতে হবে।’
এই কোচ যোগ করেন, ‘তথ্য এক জিনিস, ভিডিও আরেক জিনিস। কিন্তু মাঠের বাস্তবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ রাতে স্টাফদের সঙ্গে মাঠে কাজ করব। তাঁদের কাছ থেকেও খেলোয়াড়দের সম্পর্কে বিস্তারিত জানব। এরপর আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। আমাদের হাতে ১০ দিন সময় আছে।’
বর্তমানে ক্যাম্পে থাকা ৪১ জন খেলোয়াড়ের মধ্য থেকে ধাপে ধাপে ৩০ এবং শেষ পর্যন্ত ২৩ জনের দল নির্বাচন করবেন তিনি। সিঙ্গাপুরের খেলার ভিডিওও বিশ্লেষণ করেছেন এই কোচ।
মেয়ার বলেন, ‘আমি চাই সব খেলোয়াড় নিজেদের প্রমাণের সুযোগ পাক। ক্যাম্পে ৪১ জন আছে। সবাইকে মাঠে দেখব। এরপর হয়তো ৩০ জন এবং সেখান থেকে ২৩ জনকে নিয়ে সিঙ্গাপুর যাব। তবে এর আগে আমাকে মাঠে খেলোয়াড়দের দেখতে হবে। কোচিং স্টাফের কাছ থেকেও অনেক তথ্য নিতে হবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে খারাপ ফল হলে দায় নিজের কাঁধে নেওয়ার কথাও জানিয়েছেন মেয়ার। তবে আপাতত দীর্ঘমেয়াদি কোচ হওয়ার বিষয়ে ভাবছেন না তিনি। তার মনোযোগ কেবল আসন্ন দুটি ম্যাচে।
তিনি বলেন, ‘এখন এটা নিয়ে কথা বলার সঠিক সময় নয়। যিনি দায়িত্বে আছেন, তার প্রতি সম্মান রাখতে হবে। আমি শুধু এই মিশনের জন্য এসেছি। আশা করি আমরা সফল হবো এবং নারী ফুটবল দলকে নিয়ে সবাই গর্ব করতে পারবেন।’
মেয়ার বলেন, ‘আমি শুধু এই মিশনের জন্য এসেছি। আশা করি আমরা সফল হব এবং নারী ফুটবল দলকে নিয়ে সবাই গর্ব করতে পারবেন।’