হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ © সংগৃহীত
আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।
যদিও হামজাকে প্রথম ম্যাচে না পাওয়ার বিষয়টি আগেই নিশ্চিত ছিল। রবিবার (২৫ অক্টোবর) প্রধান কোচ থমাস ডুলি ফারহানের বিষয়টিও পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘৯ নভেম্বর হামজা ও ফারহান আসবে। তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’
এদিকে গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলার না এলেও নির্ধারিত সময়েই দলে যোগ দিচ্ছেন সমিত সোম ও রোনান সুলিভান। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের ক্যাম্পে আজ ২২ জন খেলোয়াড় যোগ দিয়েছে। সোহেল রানা সিনিয়র পথে আছেন। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে। সমিত, জায়ান, ফাহমিদুল আগেই চলে আসবে। মাহি খানও ইতোমধ্যে চলে এসেছে।’
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হয়েছে। ৫ নভেম্বর সাফ শুরু হলেও ২৮ জনের নাম জমা দেওয়ার শেষ সময় ১৮ অক্টোবর ছিল।
সাফের এই নিয়ম নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘এটা সব দলের জন্যই প্রযোজ্য। এই নিয়মের কারণে কেউ ইনজুরি হলে বদলের সুযোগ নেই। ফলে এভাবে খেলতে হবে, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু কিছু করার নেই।’
বাংলাদেশের প্রাথমিক দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তারিক কাজী ও জায়ান আহমেদ।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত শোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফারহান আলী, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মিনহাজুল করিম, রোনান সুলিভান, মাহি খান ও শুকি ইতোফুসা।