বিয়ে করছেন রোনালদো, যা থাকছে আয়োজনে

০২ আগস্ট ২০২৬, ০৬:৩৩ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ © সংগৃহীত

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ খুব শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। বহুল আলোচিত এই বিয়েকে ঘিরে ইউরোপীয় গণমাধ্যমে নতুন কিছু তথ্য প্রকাশিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ আগস্ট রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল শহরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে বিলাসবহুল পাঁচতারকা সাভয় প্যালেস হোটেলে।

মাদেইরার ফুনচাল শহর রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান। শহরটিতে তার সম্মানে নির্মিত হয়েছে ব্রোঞ্জের ভাস্কর্য, একটি জাদুঘর এবং তার নামে একটি হোটেলও রয়েছে।

এর আগে গুঞ্জন ছিল, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রার ঐতিহাসিক কুইন্টা দা রেগালেইরা এস্টেটে বিয়ের অনুষ্ঠান হবে। তবে পরে জানা যায়, ওই দিন এস্টেটটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এরপরই সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে আসে মাদেইরার নাম।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা সাভয় প্যালেস হোটেলে যাবেন, যেখানে বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন থাকবে।

দ্য সান আরও জানিয়েছে, বিয়ের প্রস্তুতির কারণে ৭ ও ৮ আগস্ট হোটেলের দুটি ফ্লোর সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। একইসঙ্গে হোটেলের কয়েকটি বার ও নির্দিষ্ট এলাকা ওই দুই দিন সংরক্ষিত থাকবে।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ফুটবলার হলেও রোনালদোর শৈশব ছিল সংগ্রামময়। সীমিত সামর্থ্যের পরিবারে বেড়ে ওঠা এই তারকা মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং সিপির একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার বিশ্বজয়ের পথচলা।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। ২০১৬ সালে একটি বিলাসবহুল ফ্যাশন স্টোরে কাজ করার সময় রদ্রিগেজের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকেই শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। 

তবে এখনো রোনালদো কিংবা জর্জিনা কেউই বিয়ের তারিখ বা আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ৮ আগস্টের এই আয়োজনের বিষয়ে গণমাধ্যমে জোর আলোচনা থাকলেও, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬
ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বদলি রেলের পরিদর্শক আমান
  • ২৫ আগস্ট ২০২৬
আহত ছাত্রীর চিকিৎসায় ব্যতিক্রমী উদ্যোগ নিল নজরুল বিশ্ববিদ্য…
  • ২৫ আগস্ট ২০২৬