অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

২২ জুলাই ২০২৬, ০৭:২০ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

পর্তুগালের জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ হতে পারে। দীর্ঘদিন ধরে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই ম্যাচের পরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের সময়টি মিলে যাচ্ছে পর্তুগালের নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গে। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না।

ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে হোর্হে জেসুস বলেন, ‘অনেকে ভাবতে পারেন নতুন কোচ এসে অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। আর এত অল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে আনার সুযোগও নেই।’

যদি ওয়েলস ম্যাচের পর সত্যিই বিদায় নেন, তবে পর্তুগালের হয়ে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে ইতিহাসের অন্যতম সফল অধ্যায়ের মাধ্যমে।

এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। পর্তুগালের হয়ে রোনালদোর অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা।

বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৭৬। অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাই তার বড় লক্ষ্য। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দেবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬