গার্ডিয়ানের প্রতিবেদন

‘কাউন্সিল অব ইউরোপ’— ফুটবলে প্রতারণার দুয়ার খুলেছে ফিফা

১৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের চলতি আসরের মেগা ফাইনালের মহোৎসবের প্রস্তুতিতে বিশ্ব যখন ব্যস্ত, সেই মুহুর্তেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে এক বিস্ফোরক ও নজিরবিহীন অভিযোগ এনেছে ইউরোপের মানবাধিকার ও সুশাসন বিষয়ক শীর্ষ সংস্থা ‘কাউন্সিল অব ইউরোপ’। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যালাইন বারসেট এক খোলা চিঠিতে ফিফাকে সরাসরি বলেছেন—ফিফা আন্তর্জাতিক ফুটবলকে প্রতারণা ও জালিয়াতির জন্য উন্মুক্ত দুয়ার বানিয়ে দিয়েছে এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়ে বিশ্বকাপের মতো আসরের সততা ও গ্রহণযোগ্যতাকে গভীর সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। খবর গার্ডিয়ানের

রবিবার (১৯ জুলাই) বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে প্রকাশিত এই খোলা চিঠিতে অ্যালাইন বারসেট হুঁশিয়ারি দিয়ে বলেন, ফিফা বর্তমানে ‘অর্থ এবং ক্ষমতার’ এক চরম সংকটে নিমজ্জিত। ২০৩০ সালের বিশ্বকাপ (যা মূলত ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে) শুরু হওয়ার আগেই বিশ্ব ফুটবলের জন্য একটি নতুন ‘স্বচ্ছতা ও সততার রূপরেখা’ তৈরি করার জন্য জরুরি আহ্বান জানান তিনি।

কাউন্সিল অব ইউরোপের প্রধান তার চিঠিতে টুর্নামেন্ট চলাকালীন ঘটে যাওয়া একের পর এক বিতর্কিত ঘটনার তীব্র সমালোচনা করেন। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কোনো কারণ না দেখিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে তড়িঘড়ি করে তুলে নেওয়ার ফিফার সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক চাপ হিসেবে আখ্যা দেন।

উল্লেখ্য, ফাইনালে ওঠার আগে বালোগুনের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ঘটেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে একটি ফোন করার পর।

বারসেট তার চিঠিতে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ একের পর এক অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে। রাজনৈতিক চাপে কোনো কারণ না দেখিয়ে কয়েক দিনের মধ্যে একটি নিষেধাজ্ঞা স্থগিত করা হলো। মাঠে রেফারির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে খেলোয়াড়রা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ফাইনালের আনন্দ আজ রাতেই শেষ হবে, কিন্তু এই প্রশ্নগুলো শেষ হবে না।’ 

তিনি প্যারাগুয়ের সিনেটর চেলেস্তে আমারিল্যার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা বর্ণবাদী মন্তব্য এবং সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের ফ্রান্স দল নিয়ে করা বিতর্কিত মন্তব্যের দিকেও ইঙ্গিত করেন।

গত এপ্রিল মাসে ফিফা কর্তৃক ‘এডিআই প্রেডিক্টস্ট্রিট’-কে বিশ্বকাপের অফিশিয়াল প্রেডিকশন পার্টনার হিসেবে ঘোষণা করার তীব্র সমালোচনা করেন বারসেট। তিনি বলেন, ‘জুয়া এখন আর কেবল ম্যাচের ফলের মধ্যে সীমাবদ্ধ নেই। ম্যাচের স্কোর পরিবর্তন না করেও একজন খেলোয়াড়ের নির্দিষ্ট কোনো মুহূর্তের (যেমন পাস, কার্ড বা কর্নার) ওপর বাজি ধরা হচ্ছে। এই স্পট-বেটিং হলো জালিয়াতির জন্য উন্মুক্ত দুয়ার। আর এবারের বিশ্বকাপ সেই দুয়ারকে আরও চওড়া করেছে।’

যদিও ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনো দাবি করেছেন যে বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটি ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি বিদ্যমান নিয়ম অনুযায়ী নিয়েছে, তবে ইউরোপীয় নীতিনির্ধারকরা তা মানতে নারাজ। কিছুদিন আগেই ইউরোপীয় পার্লামেন্টের ৭২ জন সদস্য ইইউ-ভুক্ত ২৭টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়ে ইনফান্তিনোর রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গ ও ফিফার নিজস্ব নৈতিকতা কোড লঙ্ঘনের বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন।

২০১৮ সালে ফিফা এবং কাউন্সিল অব ইউরোপের মধ্যে খেলাধুলায় মানবাধিকার, সততা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই অংশীদারিত্ব বহাল থাকা সত্ত্বেও এক সহযোগী সংস্থার পক্ষ থেকে ফিফার বিরুদ্ধে এমন প্রকাশ্যে এবং চরম কড়া ভাষায় সমালোচনা ফুটবল বিশ্বে এক নজিরবিহীন ঘটনা। ফাইনালের আলোর ঝলকানির পেছনে ফিফার এই প্রাতিষ্ঠানিক ও নৈতিক সংকট আগামী দিনগুলোতে বিশ্ব ফুটবলের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ফুলেল শুভেচ্ছা নিলেন না গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যা…
  • ২০ জুলাই ২০২৬
ফুটবল বিশ্বকাপ থেকে ফিফার আয় কত, অঙ্কটা জানলে চোখ কপালে উঠবে
  • ২০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ২০ জুলাই ২০২৬
এসিআইতে জনবল নিয়োগ, আবেদন ২৯ জুলাই পর্যন্ত
  • ২০ জুলাই ২০২৬
একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এমন হতে পারে না
  • ২০ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
  • ২০ জুলাই ২০২৬