মেসি © টিডিসি ফটো
বিশ্বকাপ ২০২৬ যেন লিওনেল মেসির রেকর্ড গড়ার মঞ্চে পরিণত হয়েছে। একের পর এক ম্যাচে নতুন ইতিহাস লিখে চলা আর্জেন্টাইন অধিনায়ক এবার মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও নিজের নামের পাশে যোগ করেছেন আরও কয়েকটি অনন্য কীর্তি। সর্বোচ্চ অ্যাসিস্ট, টানা গোল, নকআউট পারফরম্যান্স থেকে শুরু করে বিশ্বকাপের একাধিক রেকর্ডে নিজের নামকে আরও উজ্জ্বল করেছেন তিনি।
মিসরের বিপক্ষে ম্যাচের ৭৯তম মিনিটে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থাকার সময় বক্সের মধ্যে নিখুঁত ক্রস বাড়িয়ে দেন মেসি। সেই বলে হেড করে গোল করেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের দশম অ্যাসিস্ট পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের পাশে নাম লেখান মেসি। বিশ্বকাপের মঞ্চে দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা এখন ১০।
তবে এই রেকর্ড নিয়ে আগে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে কুটি রোমেরোর করা গোলে শুরুতে মেসির অ্যাসিস্ট ধরা হয়েছিল। পরে গোলটি আত্মঘাতী হিসেবে কেপ ভার্দের খেলোয়াড় দিনেই বোর্হেসের নামে দেওয়া হলে সেটি মেসির অ্যাসিস্ট হিসেবে গণ্য হয়নি।
মিসরের বিপক্ষেই আনুষ্ঠানিকভাবে দশম অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন মেসি। এর পাশাপাশি চলতি বিশ্বকাপে আরও কয়েকটি ঐতিহাসিক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা।
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা
বিশ্বকাপের গোলের রেকর্ডে এখন এককভাবে সবার ওপরে লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে যান।
মিসরের বিপক্ষে গোলের পর বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। এর মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন আরও শক্ত করেছেন।
টানা নয় বিশ্বকাপ ম্যাচে গোলের কীর্তি
মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপে টানা নয় ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা নয় ম্যাচে গোল করতে পারেননি।
এই কীর্তির মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহোর রেকর্ড। ১৯৫৮ ও ১৯৭০ বিশ্বকাপে গড়া সেই নজির এতদিন অক্ষত ছিল।
নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল
বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় হয়েছেন মেসি। শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করে তিনি এই বিরল রেকর্ড গড়েন।
চাপের মুহূর্তে ধারাবাহিকভাবে পারফর্ম করার মাধ্যমে বিশ্বকাপের বড় ম্যাচে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট গোলের রেকর্ড স্পর্শ
চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে। এর মাধ্যমে তিনি ১৯৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কিংবদন্তি গিয়েরমো স্তাবিলের গড়া এক আসরে আট গোলের রেকর্ড স্পর্শ করেছেন।
প্রায় ৯৬ বছর পর একই কীর্তির পাশে নিজের নাম তুলেছেন মেসি। সামনে আরও ম্যাচ থাকায় এই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।
ছয় বিশ্বকাপে অংশ নেওয়ার ইতিহাস
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম ফুটবলার হওয়ার ইতিহাস গড়েন মেসি।
পরে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গিয়েরমো ওচোয়াও এই কীর্তিতে যোগ দিয়েছেন। তবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অর্জন মেসির দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ ও মিনিট খেলার রেকর্ড
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। তিনি ইতোমধ্যে ৩০টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন।
এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও তার। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ২ হাজার ৫১৯ মিনিট খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার হাতছানি
মেসি এর আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে ফাইনাল খেলেছেন। এবার আর্জেন্টিনা যদি আবারও শিরোপার লড়াইয়ে পৌঁছায়, তাহলে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা ফুটবলারদের বিশেষ তালিকায় নাম লেখাবেন তিনি।
এই তালিকায় জায়গা করে নেওয়ার অপেক্ষায় থাকা মেসির সামনে রয়েছে পেলে, কাফু, রোনালদো ও লোথার ম্যাথাউসের মতো কিংবদন্তিদের কীর্তি ছোঁয়ার সুযোগ।
বিশ্বকাপ ২০২৬-এ প্রতিটি ম্যাচেই নতুন ইতিহাস লিখছেন লিওনেল মেসি। বয়সকে পেছনে ফেলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি এখনও রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন।