আর্জেন্টিনা ম্যাচের রেফারি © টিডিসি ফটো
বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর এবার রেফারিং নিয়ে সরব হয়েছে মিসর। ম্যাচ পরিচালনায় একাধিক গুরুতর ভুলের অভিযোগ তুলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর সহকারীদের সিদ্ধান্তের তদন্তেরও দাবি জানিয়েছে তারা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা অভিযোগ করেছেন, ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি অভিযোগ করে বলেন, 'ম্যাচের ফল আগেই ঠিক করা ছিল' এবং 'ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল।'
শুধু তদন্তের দাবিই নয়, হানি আবু রিদা আরও দাবি জানিয়েছেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর সহকারীদের যেন চলমান বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব না দেওয়া হয়। তাঁর মতে, ম্যাচে তাঁদের একাধিক ভুল সিদ্ধান্তই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মিসরের আপত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি বিতর্কিত সিদ্ধান্ত। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের করা একটি গোল বাতিল করা। মিসরের দাবি, ওই সিদ্ধান্তে তারা অন্যায্যভাবে বঞ্চিত হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি আর্জেন্টিনার তৃতীয় গোলকে ঘিরে। মিসরের দাবি, গোল হওয়ার আগে ফাউল হয়েছিল। কিন্তু সেই ঘটনাটি ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করা হয়নি, যা রেফারিংয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
এই দুই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বলে মনে করছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। তাই তারা ফিফার কাছে শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত হয়নি, পুরো রেফারিং প্রক্রিয়ার আনুষ্ঠানিক তদন্তও চেয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা। মিসরের অভিযোগ গ্রহণ করা হবে কি না, কিংবা তদন্ত শুরু হবে কি না—সেই সিদ্ধান্তও এখনও প্রকাশ করা হয়নি।
আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় এই পরাজয়ের পর মাঠের লড়াই শেষ হলেও রেফারিং বিতর্কে এখন নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিশ্বকাপ। ফিফা বিষয়টি কীভাবে বিবেচনা করে, এখন সেদিকেই নজর ফুটবলবিশ্বের।