তারকা ফুটবলারদের প্রেম যেন সিনেমার গল্প © সংগৃহীত ও সম্পাদিত
বিশ্বকাপের মাঠে পারফরম্যান্স দিয়ে যেমন আলোচনায় থাকেন তারকা ফুটবলাররা, তেমনি তাদের ব্যক্তিগত জীবনও থাকে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মেসি থেকে রোনালদো, নেইমার কিংবা হালান্ড, ফুটবলারদের প্রেমকাহিনি হার মানিয়েছে সিনেমার গল্পকেও। কারও সম্পর্ক শুরু শৈশবের বন্ধুত্ব থেকে, কারও খেলার মাঠ থেকেই শুরু হয়েছে ভালোলাগা, কেউ সম্পর্কে জড়িয়ে পড়েন শপিং মলে যেয়ে, আবার কারও জীবনে বিচ্ছেদের পর আবারও জোড়া লেগেছে সম্পর্ক। এক নজরে বিশ্ব ফুটবলের তারকা ফুটবলারদের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার গল্প।
লিওনেল মেসি–আন্তোনেলা রোকুজ্জো
লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর পরিচয় আর্জেন্টিনার রোজারিও শহরে। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তারা একে অপরকে চিনতেন। শৈশবে আন্তোনেলাকে দেখার জন্য নানা অজুহাতে বন্ধুর বাড়িতে যেতেন মেসি। পরে ফুটবল ক্যারিয়ারের কারণে স্পেনে চলে গেলে দুজনের মধ্যে তৈরি হয় দূরত্ব।
২০০৫ সালে আন্তোনেলার ঘনিষ্ঠ এক বন্ধুর মৃত্যুর পর তার পাশে দাঁড়াতে নিজ শহরে ফিরে যান মেসি। সেখান থেকেই আবার কাছাকাছি আসেন দুজন। ২০১০ সালে প্রকাশ্যে সম্পর্কের কথা জানান তারা। এরপর ২০১৭ সালে রোজারিওতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বর্তমানে তাদের তিন ছেলে সন্তান রয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো–জর্জিনা রদ্রিগেজ
ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে জর্জিনা রদ্রিগেজর পরিচয় ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি শোরুমে। তখন জর্জিনা সেখানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। কেনাকাটা করতে গিয়ে প্রথম দেখাতেই তার প্রতি মুগ্ধ হন রোনালদো। সেই পরিচয় দ্রুতই প্রেমে রূপ নেয়। বর্তমানে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন তারা। রোনালদোর পাঁচ সন্তানের মধ্যে দুজনের মা জর্জিনা।
বহুবার তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে তারা বিয়ে করেননি। আগামী সেপ্টেম্বরে তাদের চার হাত এক হতে পারে। তবে এ বিষয় এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। গত বছর অগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রস্তাবে সম্মতি দেওয়ার কথা জানান জর্জিনা। রোনালদোর উপহার দেওয়া বহুমূল্য হীরের আংটির ছবিও ভাগ করে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, ‘বিশ্বকাপের পর বিয়ে করব। আশা করি, বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিয়ে করতে যেতে পারব।’
নেইমার–ব্রুনা বিয়ানকার্দি
খেলার মাঠের পাশপাশি বরাবরই আলোচনায় থাকে নেইমারের প্রেমজীবন। মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রথম সন্তানের বাবা হন। ২০১১ সালে নেমারের বান্ধবী ক্যারোলিনা দান্তাস ফুটবলারের প্রথম সন্তান ডেভি লুকার জন্ম দেন। তবে সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।
এরপর একাধিক সম্পর্কে জড়ানোর পর ২০২২ সালে ব্রাজিলিয়ান মডেল, ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্কে জড়ান। তাদের ঘরে জন্ম নেয় কন্যা সন্তান মাভি। ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল আমান্ডা কিম্বার্লির সঙ্গে সম্পর্কে জড়ান নেইমার। ওই বছরেই আমান্ডা নেইমারের তৃতীয় সন্তান হেলেনার জন্ম দেন। তবে আবার বিচ্ছেদ হয় নেইমার।
আমান্ডার সঙ্গে বিচ্ছেদের পর আবার পুরনো প্রেমিকা ব্রুনার কাছে ফিরে যান ফুটবল তারকা। ২০২৫ সালে নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান মেলের জন্ম হয়। বর্তমানে তাদের পরিবারে আরও একটি সন্তানের আগমনের অপেক্ষা চলছে।
হ্যারি কেন–কেটি গুডল্যান্ড
একার কাঁধে ইংল্যান্ডকে বিশ্বকাপের শেষ ষোলোয় তুলেছেন অধিনায়ক হ্যারি কেন। হ্যারির নজরকাড়া পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের ভক্তেরা। মাঠের বাইরে দারুণ রোম্যান্টিক হ্যারি। ছেলেবেলার বান্ধবী কেটি গুডল্যান্ডকেই জীবনসঙ্গী করেন তিনি।
হ্যারি কেন ও কেটি গুডল্যান্ডর প্রেমের শুরু স্কুলজীবন থেকে। একই স্কুলে পড়তে পড়তেই বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্বই সম্পর্কে রূপ নেয়। ২০১৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফুটবল ক্যারিয়ারের ব্যস্ততার কারণে বিভিন্ন দেশে খেললেও কেটি সবসময় হ্যারির পাশে থেকেছেন। বর্তমানে তাদের চার সন্তান রয়েছে।
লামিন ইয়ামাল
বিশ্বকাপে এ বার নজর কেড়েছেন স্পেনের লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই আলোচনার কেন্দ্রে তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। এক সময় বয়সে প্রায় ১০ বছরের বড় বান্ধবী নিকি নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষাণা দিয়েছিলেন সম্পর্কের তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র ১৭ দিন।
বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ইনিস গ্রেসিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই তাদের পরিচয় এবং পরবর্তীতে সম্পর্কের সূচনা হয়। বিশ্বকাপে স্পেনের প্রতিটি ম্যাচেই দর্শক সাড়িতে দেখা যায় ইনিসকে।
ভিনিসিয়াস জুনিয়র
ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থকেরা আপাতত ভিনিসিয়াস জুনিয়রের দিকেই তাকিয়ে রয়েছেন। ২৫ বছরের এই ‘টগবগে’ খেলোয়াড় খেলেন ফরোয়ার্ডে। বিশ্বের অন্যতম ভাল ফুটবল খেলোয়াড় হিসাবেও উঠে আসছে তার নাম।
ভিনিসিয়ুস জুনিয়র ২০২৫ সালে ব্রাজিলিয়ান তারকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে সম্পর্কে জড়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্ত ভক্তদের নজর কাড়লেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ৭ মাসের মধ্যেই সম্পর্কের ইতি টানেন দু’জনে।
আর্লিং হালান্ড–ইসাবেল জোহানসেন
আর্লিং হালান্ড ও ইসাবেল জোহানসেনর পরিচয় ফুটবল মাঠেই। দুজনই একই ক্লাবের হয়ে খেলতেন। এক সাক্ষাৎকারে হালান্ড জানান, প্রথম প্রেমের প্রস্তাবটি এসেছিল ইসাবেলের পক্ষ থেকেই। ২০২১ সালে তাদের সম্পর্কের শুরু। এরপর থেকে একসঙ্গেই আছেন তারা। ২০২৪ সালে এই দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।