ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

০৫ জুলাই ২০২৬, ০৭:২০ AM
নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন

নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন © সংগৃহীত

বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলকে সমীহ করলেও ভয় পাচ্ছেন না নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন। তার মতে, কাগজে-কলমে ও শক্তিমত্তায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে থাকলেও ফুটবল সব সময় হিসাব মেনে চলে না। নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাও সম্ভব বলে বিশ্বাস তার।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সিতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে ফেবারিট আখ্যা দিলেও নিজেদের সম্ভাবনা উড়িয়ে দেননি সোলবাকেন।

তিনি বলেন, ‘ব্রাজিল এখনো ফেবারিট। তবে তারা হয়তো আগের মতো সেই একচ্ছত্র ফেবারিট আর নয়। সম্ভাবনাকে শতকরা হিসাবে মাপা কঠিন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে পারি। তবে সেটা করতে হলে মাঠে আমাদের শতভাগ উজাড় করে খেলতে হবে। ব্রাজিলকে হারানোর সুযোগ আমাদের অবশ্যই আছে।’

গ্রুপ পর্ব পেরিয়ে দারুণ ছন্দে থাকা নরওয়ের সামনে এবার টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষা। আর সেই পরীক্ষায় কার্লো আনচেলত্তির আক্রমণভাগকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নরওয়ের কোচ।

জাপানের বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ব্রাজিলের ফরোয়ার্ড লাইনের তিন খেলোয়াড় যে ভিন্ন ভিন্ন কম্বিনেশন তৈরি করবে, আমরা সেটি কতটা সামলাতে পারি, তা দেখতে হবে। তারা চারজন আক্রমণভাগের খেলোয়াড় নিয়েও খেলতে পারে, যেমন জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছিল। তাদের সেই গতির সঙ্গে আমরা কতটা তাল মিলিয়ে চলতে পারি, সেটাই দেখার বিষয়।’

ইতিহাস অবশ্য নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে। বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি। এ প্রসঙ্গে ব্রাজিলকে হারানো এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হবে কি না এমন প্রশ্নের জবাবে সোলবাকেন বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমারও মনে হয়, সেটি হলে বড় একটি চমকই হবে।’

ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই পরিচিত মুখ আর্লিং হালান্ড ও গ্যাব্রিয়েল মাগালাইসের লড়াই নিয়েও আলোচনা হচ্ছে। তবে ব্যক্তিগত দ্বৈরথের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন নরওয়ের কোচ।

তিনি বলেন, ‘এই বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণজুটি অন্যতম শক্তিশালী। গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিয়োস দুজনই বিশ্বমানের ডিফেন্ডার। তবে এটি শেষ পর্যন্ত ব্রাজিল-নরওয়ে ম্যাচ। নিঃসন্দেহে মাঠে কিছু ব্যক্তিগত দ্বৈরথ জমবে, কিন্তু দিনশেষে এটি ব্রাজিল বনাম নরওয়ের লড়াই।’

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ০৬ জুলাই ২০২৬
ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, আলো ফেরাত…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার
  • ০৬ জুলাই ২০২৬
মাদ্রাসা বোর্ডের এইচএসসির প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান, দুই …
  • ০৬ জুলাই ২০২৬
বছরে গড়ে কত শতাংশ বাড়ে সোনার দাম, জানলে সঞ্চয় করবেন আপনিও
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করে নোটিশ দিল মন…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence