ফ্রান্স দল © সংগৃহীত
ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে। দীর্ঘদিন ধরেই এই ম্যাচ ঘিরে প্রতিকূল আবহাওয়ার শঙ্কা ছিল, আর ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগেও সেই ইঙ্গিতই মিলেছে। অত্যধিক তাপমাত্রার পাশাপাশি বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে এই নকআউট লড়াই। দুই দলের জন্যই এটি সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই, তাই চাপ ও উত্তেজনা দুটোই তুঙ্গে।
এই ম্যাচে ফ্রান্স শিবিরে এসেছে বাধ্যতামূলক একটি পরিবর্তন। চোটের কারণে মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মানু কোনে।
অন্যদিকে জার্মানির বিপক্ষে গত ২৯ জুন টাইব্রেকারে জয়ের পর নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে প্যারাগুয়ে। ওই ম্যাচে শুরু একাদশে থাকা জোসে ক্যানালে, দামিয়ান ববাডিয়া এবং গ্যাব্রিয়েল আভালোসকে এবার বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে গুস্তাভো ভেলাসকেজ, ডিয়েগো গোমেজ এবং ওমার আলদারেতে সুযোগ পেয়েছেন।
অবশ্য ফ্রান্স-প্যারাগুয়ের রোমাঞ্চকর ম্যাচ শুরুর আগে ফুটবলভক্তদের আবহাওয়ার দিকেও নজর রাখতে হচ্ছে। নিয়মানুযায়ী– ম্যাচ শুরু বা চলাকালে আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতি কিংবা খেলা স্থগিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে সেখানে ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বলে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।
এদিকে এই নকআউটে জয়ী দল সরাসরি উঠবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেখানে আগামী ৯ জুলাই তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে তারা।