‘ফিফা পর্তুগালকে কাপ জেতানোর ছক কষছে’, ঘানার যাজকের চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

১৫ জুন ২০২৬, ০৪:০০ PM
এরিক বোয়াহেন উচে ও ক্রিশ্চিয়ানো রোনালদো

এরিক বোয়াহেন উচে ও ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

পর্তুগালকে বিশ্বকাপ শিরোপা জেতাতে ফিফার গোপন আঁতাত চলছে বলে দাবি করেছেন ঘানার বিতর্কিত ধর্মযাজক এবং ‘রেইন হাউস চ্যাপেল ইন্টারন্যাশনাল’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান এরিক বোয়াহেন উচে। তার এই চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

গত রবিবার (১৪ জুন) নিজের গির্জায় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় একটি ভিডিওতে এই দাবি করেন তিনি। আধ্যাত্মিক জগতের বরাত দিয়ে এই আফ্রিকান যাজক জানান, ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তাকে একটি রাজকীয় বিদায় দিতেই এই সুদূরপ্রসারী পরিকল্পনা করা হচ্ছে।

এরিক বোয়াহেন বলেন, "ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে ফিফার ভেতরে একটি গোপন আলোচনা ও ম্যাচ পাতানোর ছক চলছে। আমি আগে কখনো জানতাম না যে ফুটবলেও এমন নোংরা রাজনীতি চলে।"

তিনি আরও দাবি করেন, আধ্যাত্মিকভাবে তার আত্মা নাকি প্রতিবারই সেই গোপন বৈঠকগুলোতে উপস্থিত থাকে। 

তবে এই চক্রান্ত এখনো চূড়ান্ত রূপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, "আমি পুরো বিষয়টির ওপর নজর রাখছি। যখনই তারা বৈঠকে বসে, আমার আত্মা সেখানে উপস্থিত থেকে সব কথা শোনে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তারা ফুটবল রাজনীতি ব্যবহার করতে চাইছে, ঠিক যেমনটা থমাস পার্টেওর ক্ষেত্রে করা হয়েছিল।"

এই বিশ্বস্ত প্রফেটের ভবিষ্যদ্বাণী শুধু পর্তুগালেই সীমাবদ্ধ থাকেনি। ঘানার জাতীয় ফুটবল দল ‘ব্ল্যাক স্টারস’ নিয়েও এক সতর্কবার্তা দিয়েছেন তিনি। তার দাবি, আধ্যাত্মিক দিক থেকে ঘানা দল বর্তমানে অত্যন্ত দুর্বল অবস্থানে রয়েছে। তবে দেশবাসীকে আশাহত না হয়ে দলের জন্য মনভরে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, সঠিক আধ্যাত্মিক সমর্থন ও দোয়ার মাধ্যমেই কেবল ঘানা আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করতে সক্ষম হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে নানা ট্রল ও বিতর্কের ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার ফুটবলপ্রেমীদের কেউ কেউ এমন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন।

না আন্যেমা নামের একজন ব্যবহারকারী যাজকের ইতিবাচক দিকটি তুলে ধরে লিখেছেন, "তিনি তো আমাদের দলের জন্য প্রার্থনা করতে বলেছেন, তাই আমরা অন্য কোনো নেতিবাচক কথা শুনতে চাই না। ঈশ্বর যা প্রকাশ করেন, তা উদ্ধারের জন্যই করেন।"

সাধারণত যাজকদের বিশ্বাস করেন না জানিয়ে কাজমুতা নামের একজন মন্তব্য করেছেন, "আমি ঘানার যাজকদের বিশ্বাস করি না, কিন্তু এই লোকটি সত্যি কথাই বলছেন।"

অন্যদিকে, পুরো বিষয়টিকে হাস্যকর ও হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ 'দ্য সিম্পসন্স'-এর নকল দাবি করে আমোয়াহ ক্রিশ্চিয়ান লিখেছেন, "তিনি মূলত 'দ্য সিম্পসন্স'-এর সেই ভবিষ্যদ্বাণীমূলক পর্বটি দেখেছেন, যেখানে বলা হয়েছিল যে পর্তুগাল এবং মেক্সিকো ফাইনালে যাবে। (সেটি দেখেই তিনি এখন বানিয়ে বলছেন)।"

‘ফিফা পর্তুগালকে কাপ জেতানোর ছক কষছে’, ঘানার যাজকের চাঞ্চল্…
  • ১৫ জুন ২০২৬
আলিম পরীক্ষা পরিচালনা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ জুন ২০২৬
সরছে রাজধানীর ৩ বাস টার্মিনাল 
  • ১৫ জুন ২০২৬
নতুন বাজেটে বরাদ্দ নেই, নীট শূন্য বাজেটে চলবে ৫ বিশ্ববিদ্যা…
  • ১৫ জুন ২০২৬
হাম পরিস্থিতি: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের আদেশ প্রত্যাহ…
  • ১৫ জুন ২০২৬
আশুরার দিন নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল
  • ১৫ জুন ২০২৬
×