আপন ভাই হলেও দুজন এখন দুই দেশের, মুখোমুখি হতে পারেন শেষ ষোলোতেই

২৬ মে ২০২৬, ০৭:৩০ PM
দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে

দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে দুই সহোদরের মুখোমুখি হওয়ার যে গল্প তৈরি হচ্ছে, তার আবেগ ও পারিবারিক বন্ধন একেবারেই অন্য রকম। কারণ, এবার একই ছাদের নিচে একই স্বপ্ন নিয়ে বড় হওয়া দুই ভাই খেলতে যাচ্ছেন দুটি ভিন্ন দেশের হয়ে। একজন মাঠ কাঁপাবেন ফ্রান্সের জার্সিতে, অন্যজন নামবেন আইভরি কোস্টের হয়ে।

এই দুই সহোদর হলেন দেজিরে দুয়ে ও গুয়েলা দুয়ে। ছোট ভাই দেজিরে পিএসজির তরুণ তারকা ফরোয়ার্ড আর বড় ভাই গুয়েলা খেলেন স্ট্রাসবুর্গের রাইট-ব্যাক হিসেবে। এর আগে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে জেরোমে বোয়াটেং ও কেভিন প্রিন্স বোয়াটেং দুই দেশের হয়ে মুখোমুখি হয়েছিলেন। তবে তারা ছিলেন সৎভাই, বড় হয়েছেন আলাদা পরিবারে। দুয়ে ভাইদের গল্পটা সেখানে একদমই আলাদা; তাদের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে একসঙ্গে বেড়ে ওঠার উষ্ণতা।

২৩ বছর বয়সী বড় ভাই গুয়েলার জন্ম ফ্রান্সের অ্যাঞ্জার্সে। আর ২০০৫ সালের জুনে জন্ম নেওয়া ছোট ভাই দেজিরে ফুটবলে একটু আগেই আলো কাড়েন। মাত্র ছয় বছর বয়সে রেনেসে যোগ দিয়ে কৈশোরেই মূল দলে সুযোগ পান তিনি। অবশ্য তার আগে দুই ভাই একই একাডেমির মাঠে একসঙ্গে ঘাম ঝরিয়েছেন।

ফুটবল যেন এই পরিবারের রক্তেই মিশে আছে। তাদের চাচাতো ভাই ইয়ান বোহো খেলেন তুলুজে, মার্ক-অলিভার আছেন স্পেনের কাস্তেইয়নে এবং এডি দুয়ে খেলছেন পর্তুগালের এস্ত্রেলা আমাদোরায়। এমনকি তাদের চাচা নোমানদিয়েজ দুয়ে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে রেফারি হিসেবে ইতিহাস গড়েছিলেন, যিনি বর্তমানে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের রেফারিবিষয়ক প্রধান।

২০২৩ সালের আগস্টে মেত্‌জের বিপক্ষে রেনেসের হয়ে দুই ভাইয়ের প্রথম একসঙ্গে মাঠে নামার স্মৃতি তৈরি হয়। সেই ম্যাচে দুজনই বদলি হিসেবে নেমেছিলেন। একসময় গুয়েলা মাঠে নামতেন দেজিরের বদলি হয়ে। তবে ২০২৪ সালের মাঝামাঝি ৫০ মিলিয়ন ইউরোতে দেজিরেকে দলে নেয় পিএসজি, আর গুয়েলা যোগ দেন স্ট্রাসবার্গে।

পারিবারিক সূত্রে দুই ভাইয়ের সামনেই ফ্রান্স ও আইভরি কোস্ট—দুই দেশের হয়ে খেলার সুযোগ ছিল। বড় ভাই গুয়েলা বাবার দেশ আইভরি কোস্টকে বেছে নেন। ২০২৪ সালের মার্চে অভিষেকের পর দেশের হয়ে ইতিমধ্যে ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে তারকায় ঠাসা ফ্রান্স দলে জায়গা পাওয়া দেজিরের জন্য কঠিন যুদ্ধ ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে দিদিয়ের দেশমের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও আইভরি কোস্ট ভিন্ন গ্রুপে থাকলেও দুই দল নকআউটে উঠলে শেষ ষোলোতেই মুখোমুখি হতে পারেন দুই ভাই। যদিও মাঠের লড়াই ছাপিয়ে নামের পাশে পরিচয়টা একই থাকবে—দুয়ে।

মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬