চিত্রনায়িকা পরীমনি © সংগৃহীত
ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি এবার ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করেছেন। এ ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হন তিনি।
গতকাল রোববার (৮ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদ সূত্রে জানা যায়, অনুষ্ঠানস্থলে পরীমনিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন উপস্থিত সাংবাদিকরা। একপর্যায়ে এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই চিত্রনায়িকা।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে পরীমনির মধ্যমা আঙুল প্রদর্শন এবং সাংবাদিকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে চলছে নানা মন্তব্য ও সমালোচনা।
এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এ ঘটনাকে কেন্দ্র করেও সাংবাদিকদের সঙ্গে তার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।