চিত্রনায়িকা পরীমনি ও পরীমনির গাড়ি © সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুলশানে মধ্যরাতে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুললেও ঘটনাস্থলে গাড়িটি অক্ষত অবস্থায় দেখা গেছে।
আজ সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি।
তিনি দাবি করেন, গুলশানের মতো এলাকায় মধ্যরাতে পরিকল্পিতভাবে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় দেশে নাগরিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পরীমনি জানান, ঘটনার পরপরই তিনি থানায় ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ সেখানে গিয়ে পরীমনির গাড়ি অক্ষত অবস্থায় দেখতে পায়। গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্নও ছিল না বলে জানান তারা।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে পরীমনি ও সাংবাদিকদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। সাংবাদিকদের অভিযোগ, পরীমনি প্রথমে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করেন এবং গালিগালাজ করেন। এর জবাবে সাংবাদিকরা তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।