নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন © সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বিএইউএসটির জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ্ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, সেমিনার, আলোকচিত্র ধারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদনমূলক কার্যক্রম ও বিদায় সংবর্ধনা।
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদযাপনের সূচনা করেন। পরে তার নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলমসহ অন্যান্য অনুষদের ডিন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় ‘ফ্রম বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি টু দ্য গ্লোবাল মার্কেট: নিউ হরাইজনস অব ক্যারিয়ার অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সেমিনার পরিচালনা করেন আহাভা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার জাহান। সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক বাজার, এ খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন। পরে বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানের শেষ পর্বে বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হবে।
আয়োজকদের জানান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা, সৃজনশীলতা ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত কাজের মানসিকতা এবং বিভাগের প্রতি আন্তরিকতা বৃদ্ধিতেও এ আয়োজন সহায়ক হবে।
আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপনের মধ্য দিয়ে হিসাববিজ্ঞান পেশার মর্যাদা, গুরুত্ব ও সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানানো হয়।