অটোচালকদের ইচ্ছেমতো ভাড়া, ভোগান্তিতে গোবিপ্রবি শিক্ষার্থীরা

০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতে অটোরিকশার ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় চালকদের বিরুদ্ধে ইচ্ছেমতো ভাড়া আদায় এবং শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে একই গন্তব্যে যেতে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দাবি করার অভিযোগ করছেন তারা।

শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে পাচুরিয়া ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে। আগে ঘণ্টাভিত্তিক বাস চলাচল করায় যাতায়াতে কিছুটা স্বস্তি ছিল। বর্তমানে ক্যাম্পাস থেকে আনসার মাঠ এবং ঘোনাপাড়া হয়ে পাচুরিয়া পর্যন্ত বাস চলাচল করলেও আগের মতো ঘণ্টাভিত্তিক সেবা নেই। এতে শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে অনেকটা বাধ্য হয়েই যাতায়াতের জন্য অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ শতাংশ শিক্ষার্থীর আবাসিক সুবিধা থাকলেও বাকি ৮০ শতাংশ শিক্ষার্থীকে মেস বা ভাড়া বাসায় থাকতে হয়। ক্লাস, টিউশনি ও ব্যক্তিগত প্রয়োজনে প্রতিদিনই তাদের ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়। শিক্ষার্থীদের অভিযোগ, একই গন্তব্যে যেতে বিভিন্ন চালক বিভিন্ন ভাড়া দাবি করেন। বিশ্ববিদ্যালয় থেকে গোবরা, নিলারমাঠ ও সোনাকুড় এলাকায় যেতে প্রচলিত ভাড়া জনপ্রতি ৫ টাকা হলেও কোনো কোনো চালক ১০ টাকা দাবি করেন। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাওয়ার সময় ১০ টাকা নেওয়া হলেও ফেরার পথে একই ভাড়া দিতে চান না চালকদের কেউ কেউ। এসব এলাকায় যাতায়াতকারী শিক্ষার্থীদের অটোতে উঠতে না দেওয়ার অভিযোগও রয়েছে। নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকায় এ নিয়ে প্রায়ই চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বিশেষ করে রাতে নজরদারি না থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা আরও বেড়ে যায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অটোরিকশার ভাড়া ও চালকদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীরা যাতায়াতের সময় অতিরিক্ত ভাড়া দাবি এবং চালকদের দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন জায়েফ বলেন, ‘সব সময় বাসের সময়সূচির সঙ্গে আমাদের যাতায়াতের সময় মেলে না। ফলে বাধ্য হয়েই অটোতে উঠতে হয়। কিন্তু অটোতে উঠলেই ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। নিলারমাঠ ও সোনাকুড়ের প্রচলিত ভাড়া ৫ টাকা হলেও অনেক চালক ১০ টাকা দাবি করেন। বিশ্ববিদ্যালয়ে আসার সময় ৫ টাকা ভাড়া নিলেও ফেরার পথে ১০ টাকা চান। ১০ টাকা দিতে না চাইলে অনেক সময় অটোতে তুলতে চান না। বিশেষ করে রাতে ৫ টাকার ভাড়া ২০ টাকাও দাবি করেন কেউ কেউ। আবার নতুন শিক্ষার্থীরা ভাড়া সম্পর্কে না জানায় তাঁদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা ঘটে।’

ভোগান্তির বিষয়ে পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে যাতায়াত করতে গিয়ে শুরু থেকেই অটোভাড়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু যারা নিয়মিত এই পথে চলাচল করি, তাদের জন্য বেশ বিরক্তিকর। নিলারমাঠ, গোবরা, চরঘাটা, ঘোনাপাড়াসহ আশপাশের এলাকাগুলো থেকে ক্যাম্পাসে আসতে সাধারণত ভাড়া ৫ টাকা। কিন্তু অটোতে উঠলেই অনেক সময় ১০ টাকা দাবি করা হয়। ১০ টাকার নোট দিলে বলা হয়, তাদের কাছে ৫ টাকা নেই। কখনো আবার অন্য অজুহাত দেখানো হয়। এ নিয়ে কথা বলতে গেলে চালকরা বলেন, ‘৫ টাকা না থাকলে অটোতে উঠেছেন কেন?’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি সমস্যা হয় সন্ধ্যার পর বা রাতে। কোনো কারণে ফিরতে একটু দেরি হলে একই পথের ভাড়া দ্বিগুণ দাবি করেন চালকরা। তখন প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া দিয়েই ফিরতে হয়। ভাড়া নিয়ে কিছু বলতে গেলেও অনেক সময় অপ্রয়োজনীয় কথা শুনতে হয়, তর্কে জড়াতে হয়। প্রতিদিন যাতায়াতের সময় এমন পরিস্থিতিতে পড়া সত্যিই অস্বস্তিকর। অন্তত ভাড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম থাকা উচিত, যাতে সময় বা পরিস্থিতির অজুহাতে সাধারণ শিক্ষার্থীদের বাড়তি ভোগান্তিতে পড়তে না হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান বলেন, ‘এ বিষয়ে এর আগে সরাসরি কোনো অভিযোগ পাইনি। তবে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিটি রুটের জন্য একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকা উচিত। আমরা এসব রুটে চলাচলকারী অটোরিকশা মালিক সমিতির সঙ্গে বসে শিক্ষার্থীদের জন্য ভাড়ার তালিকা তৈরি করে দেব, যাতে এ নিয়ে তাদের আর ভোগান্তিতে পড়তে না হয়।’

তাসনিম সিরাজের সমালোচনা করায় শোকজ, ‘নীতি বিবর্জিত শিক্ষক সং…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফের অভিযোগ, আমির হামজাকে নিয়ে চার দিনে ৫ স্ট্যাটাস রাশেদ খা…
  • ০৮ নভেম্বর ২০২৬
খুবির ভর্তি পরীক্ষার দিনেই হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ০৮ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে হ্যান্ডকাফসহ পালান মাদক কারবারি, অতঃপর...
  • ০৮ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
পাহাড়ি ঝিরিতে ভাসছিল যুবদল নেতার রক্তাক্ত মরদেহ
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950