চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে: নতুন উপাচার্য শেখ শরীফুল 

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ PM
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম

অধ্যাপক ড. শেখ শরীফুল আলম © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ও শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে চুয়েটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

চুয়েটের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, আমরা এক চুয়েট পরিবার যে পরিবারের প্রাণস্পন্দনই হলো আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা। আমার মূল লক্ষ্য চুয়েটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই যাত্রায় আমি আমার স্নেহের ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আমি ওদেরকে কোনো দূরত্বে রাখতে চাই না; বরং ছাত্রছাত্রীদের সার্বক্ষণিক পাশে নিয়ে, ওদের মনের ভাষা ও আকাক্সক্ষাকে অনুধাবন করে কাজ করতে চাই। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তিই হলো শিক্ষার্থীরা, তাদের নিরাপদ ও মেধানুকূল পরিবেশ নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার।

তিনি বলেন, একই সাথে, একটি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবচেয়ে বড় চালিকাশক্তি আমাদের শিক্ষক সমাজ। চুয়েটের সম্মানিত শিক্ষকবৃন্দের মেধা, অভিজ্ঞতা এবং নিষ্ঠাকে আমি গভীরভাবে সম্মান করি। চুয়েটকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাই খুব দ্রুতই আমি চুয়েটের জ্যেষ্ঠ ও তরুণ সকল শিক্ষক মহোদয়ের সাথে আলাদাভাবে বসব, তাদের সুচিন্তিত মতামত শুনব।

তিনি আরও বলেন, প্রশাসনিক কাজের ক্ষেত্রটিতে আমার দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতা রয়েছে। সেই পূর্বঅভিজ্ঞতা ও শিক্ষাকে কাজে লাগিয়ে, আমাদের চুয়েটের বর্তমান অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দূরদর্শিতার সাথে সমন্বয় ঘটিয়ে একটি সুন্দর, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব অ্যাকাডেমিক পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করে যাব।

চুয়েট উপাচার্য বলেন, চুয়েটকে নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভিশন রয়েছে। গবেষণা, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা এবং শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে চুয়েটকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এই পরিকল্পনা বাস্তবায়নে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আমরা সবাই একসাথে মিলে একটি সুন্দর, বৈষম্যহীন এবং আন্তর্জাতিক মানের চুয়েট গড়ে তুলব—ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চুয়েটের ভাইস-চ্যান্সেলর পদে যোগদান করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এ-সংক্রান্ত যোগদানপত্র শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠিয়েছেন তিনি। অধ্যাপক ড. শেখ শরীফুল আলম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক হিসেবে একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বের সঙ্গে যুক্ত ছিলেন।

সাপের কামড়ে আইসিইউতে শিক্ষার্থী, প্রাধ্যক্ষের পদত্যাগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬