শিক্ষক-কর্মকর্তা-কর্মসূচিদের অবস্থান কর্মসূচি © টিডিসি ছবি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে একজোট হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়েটের উপাচার্য ভবনের সামনে এই যৌথ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষক প্রতিনিধি সহযোগী অধ্যাপক সৈয়দ মাসরুর আহম্মদ বলেন, ‘আমাদের দাবি একটাই, বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ধারণ করা। এখানে শিক্ষকদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। একটা অচলাবস্থা সৃষ্টি হওয়ায় আমরা মানসিকভাবে চাপে আছি, শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা একাডেমিক কার্যক্রম চালিয়ে যেতে পারছি না। সরকারের কাছে আকুল আবেদন, বর্তমান সরকারের মিশন ও ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের এ চলমান সমস্যার সমাধান করা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি রক্ষা করা।’
একই দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে চুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়োতোষ চক্রবর্তী বলেন, ‘আমাদের দাবি একটাই, ২১ সেপ্টেম্বর অধ্যাপক সায়েম স্যারকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করতে হবে। সম্মানিত শিক্ষকদের দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। যতক্ষণ পর্যন্ত ড. সায়েম স্যারকে পুনর্বহাল করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব।’
উল্লেখ্য, চুয়েটের সাবেক উপাচার্যকে সরিয়ে গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর জের ধরে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে অনুপস্থিত থেকেই ইমেইলের মাধ্যমে যোগদানপত্র পাঠান। এরপরই শিক্ষক সমিতি সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়, যাতে পরবর্তীতে কর্মকর্তা ও কর্মচারী সমিতিও একাত্মতা ঘোষণা করে আন্দোলনে নামে।