বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিসি নেই’

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ PM
অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম

অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম © টিডিসি সম্পাদিত

ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে এসে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম জানতে পারলেন, তিনি আর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য নেই। এর মধ্যেই সরকার বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। নিয়োগ পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। 

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে ভিন্ন একটি বিশ্ববিদ্যালয় তথা কুয়েট থেকে নতুন করে একজনকে চুয়েটে উপাচার্য করার বিষয়টি মানতে নারাজ সরিয়ে দেওয়া উপাচার্য ও চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক আবু সাদাত। প্রাথমিকভাবে ‘উপাচার্য হিসেবেই’ বিশ্ববিদ্যালয়ে ব্যাক করার কথা জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে নিয়োগের প্রায় দুই মাসের মাথায় সোমবার নতুন উপাচার্য নিয়োগের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমের মেয়াদ শেষ হলো। এরও আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। তাঁর দায়িত্ব পালনের প্রায় ১ বছর ৯ মাস পর নতুন উপাচার্য নিয়োগ পান আবু সাদাত। আজ ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য ড. শেখ শরীফুল আলমের নিয়োগের মধ্য দিয়ে দুই বছরের মধ্যে তিন উপাচার্য পেল চুয়েট।

এদিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দেশের জন্য কাজ করে যেতে চাই। আমার মিশন-ভিশন এটাই। আমি জানি না কেন বাদ দিল।’ তিনি বলেন, বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ নিয়ে সোমবার নৌবাহিনী প্রধানের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে তিনি শিক্ষা মন্ত্রণালয়েও গিয়েছেন। ঢাকায় অবস্থান করেই তিনি জানতে পারেন, সরকার চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে। ‘আমি ব্যাক করবো ক্যাম্পাসে’—বলে জানান অধ্যাপক সায়েম।

এর আগে নতুন ভিসি হওয়াকালীন অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেছিলেন, বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেকদূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশী।

আন্দোলনের মুখে কুয়েট থেকে সরানো হয়েছিল অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে
জানা যায়, গত ২৫ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপ-উপাচার্যের পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ কামালকেও পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে ফেরত পাঠানো হয়। েকুয়েটের উপ-উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতির পর অধ্যাপক শেখ শরীফুল আলম তাঁর নিজ বিভাগে ফিরে যাওয়ার কথা ছিল। তবে এর কয়েক মাসের মধ্যেই নতুন দায়িত্ব হিসেবে চুয়েটের উপাচার্য পদ পেলেন তিনি। 

এর আগে কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিও ওঠে। প্রায় দুই মাস ধরে চলা আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা অনশন কর্মসূচিও পালন করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ
এদিকে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের খবরে চুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যে শিক্ষার্থীদের কেউ কেউ এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি নতুন উপাচার্যের নিয়োগের প্রতিবাদে আন্দোলনে নামার কথাও জানিয়েছেন কেউ কেউ। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬