চুয়েটে কাল শুরু হচ্ছে ক্লাব ফেস্ট, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানামুখী আয়োজন

৩১ আগস্ট ২০২৬, ০৯:১১ AM
সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলন। © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৩০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি, চুয়েটের শিক্ষা, গবেষণা ও বিভিন্ন অর্জনের তথ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রকৌশল শিক্ষা ও গবেষণায় দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে চুয়েট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাহাড়, সমতল ও সাগরের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস প্রায় ২৫০ একরজুড়ে বিস্তৃত।

২০০৩ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) থেকে চট্টগ্রাম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নাম ধারণ করে। ২৩ বছরের পথচলা শেষে এই বিশ্ববিদ্যালয় এবার ২৪ বছরে পদার্পণ করছে।

এবারের বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন শুরু হবে ৩১ আগস্ট (সোমবার) থেকে। ওই দিন বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া থাকবে জ্বালানি বিষয়ক সেমিনার। এতে বক্তৃতা রাখবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে আয়োজন করা হবে ক্লাব ফেস্ট। এতে ক্যাম্পাসের ২৬টি সংগঠন অংশ নেবে। প্রতিটি সংগঠনের জন্য আলাদা স্টল থাকবে। দিনব্যাপী আয়োজনে সংগঠনগুলো স্টলে নিজেদের পরিচয় তুলে ধরবে। পরদিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয় দিবসের মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ১০টায় র‍্যালি আয়োজন করা হবে। পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থ পাঠসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এরপর বাস্কেটবল মাঠে জসীম উদ্দিন ফাউন্ডেশনের উপহার দেওয়া ছয়টি বাস উদ্বোধন করা হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে চট্টগ্রাম ওয়াসার দেওয়া পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংযোগ লাইনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও অন্যান্য আয়োজনও অনুষ্ঠিত হবে। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি রক্তদান কর্মসূচিও থাকবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের একটি দিন। ২৩ বছরের পথচলায় চুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্ভাবনাগুলো তুলে ধরতে চাই। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা আশা করছি।’

ট্যাগ: চুয়েট
৪ ইঞ্জিনিয়ারিং কলেজে জনবল নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
  • ৩১ আগস্ট ২০২৬
আইটি কার্নিভালে গোবিপ্রবির জয়জয়কার, চ্যাম্পিয়নসহ ৩ অর্জন
  • ৩১ আগস্ট ২০২৬
বিড়ালের কান্না ভেবে খোঁজ, ধ্বংসস্তূপের নিচ থেকে যেভাবে উদ্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাকৃবির চার হলে সংঘর্ষ, তদন্ত শেষে শাস্তির মুখে ৪২ শিক্ষার্…
  • ৩১ আগস্ট ২০২৬
পে স্কেলের বেতন বাড়বে শতভাগ নাকি ১৪০ শতাংশ, অর্থ সংস্থান নি…
  • ৩১ আগস্ট ২০২৬
ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষিকা, ব্যাগ-আইফোন খুইয়ে হাজির থানায়
  • ৩১ আগস্ট ২০২৬