শাবিপ্রবির বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে, থাকবেন কবি কাজী নজরুলের নাতনি

০৪ আগস্ট ২০২৬, ১১:২৩ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য সম্মেলন (আইসিবিএলএল-২০২৬) আগামী ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক ও সাহিত্যিকরা। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। এ সময় সম্মেলনের ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, আগামী ২৭ ও ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের লোকসাহিত্য ও সংস্কৃতির সঙ্গে কাজী নজরুল ইসলাম এবং মুসলিম সাহিত্য সমাজের মুক্তচিন্তা ও দ্রোহের ঐতিহ্যের সংযোগ, সমন্বয় ও বিকাশকে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে। সম্মেলনে উপস্থাপিত নির্বাচিত গবেষণা প্রবন্ধগুলো পরবর্তী সময়ে বাংলা বিভাগের জার্নাল অথবা গ্রন্থ আকারে প্রকাশ করা হবে।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। ভার্চুয়াল বক্তা হিসেবে যুক্ত থাকবেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেলা দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সংগীতশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।

সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশ-বিদেশের গবেষক, শিক্ষক, লেখক ও চিন্তাবিদদের কাছ থেকে গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়েছে। ভাষা, সাহিত্য ও সংস্কৃতি, তুলনামূলক ও উত্তর-উপনিবেশিক সাহিত্য, প্রগতি ও নারীমুক্তি, ধর্ম, দর্শন ও বিজ্ঞান, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ বিষয়ে বাংলা অথবা ইংরেজি ভাষায় গবেষণা প্রবন্ধ জমা দেওয়া যাবে।

রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১ অক্টোবর ২০২৬। সারসংক্ষেপ ৩০০ থেকে ৫০০ শব্দের মধ্যে হতে হবে এবং ৮ থেকে ১০টি মূলশব্দ সংযুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধের শব্দসংখ্যা ৩ হাজার ৫০০ থেকে ৬ হাজারের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

নিবন্ধন ফি হিসেবে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী (গবেষণাপত্র উপস্থাপনকারী বা অংশগ্রহণকারী) ১ হাজার ৫০০ টাকা এবং শাবিপ্রবির বাংলা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার, জাতীয় শিক্ষক ও গবেষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষক ও গবেষকদের জন্য ৭৫ মার্কিন ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

আগ্রহীরা কনফারেন্সের ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন বলেও জানান বিভাগের প্রধান।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬