‘বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, নিজেকে গড়ে তোলার সূচনা’

১৯ জুলাই ২০২৬, ০৫:২৬ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম © টিডিসি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কেবল একটি ডিগ্রি অর্জনের যাত্রা নয়; এটি নিজেকে একজন দক্ষ, মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার সূচনা। জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠন, সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাই একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সফল করে তোলে।

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল ভালো ফলাফলই যথেষ্ট নয়। যোগাযোগ দক্ষতা, প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান, উদ্ভাবনী চিন্তা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত ও কার্যকরভাবে অভিযোজিত করতে চার দিনব্যাপী ‘স্টুডেন্ট গ্রুমিং অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডাপটেশন প্রোগ্রাম’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুম–১ ও কনফারেন্স রুম–২-এ অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির সহযোগী হিসেবে রয়েছে ফিউচারনেশন এবং ইউএনডিপি বাংলাদেশ।

চার দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, একাডেমিক পরিবেশ, নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা, যোগাযোগ কৌশল, ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক সুযোগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৯০ মিনিটব্যাপী একাধিক সেশন পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করে পর্যায়ক্রমে বিভিন্ন সেশনে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে ‘থ্রাইভ অ্যাট এমবিএসটিইউ: লাইফ বিয়ন্ড দ্য ক্লাসরুম’ এবং ‘বিল্ডিং আ সেফ, রেসপেক্টফুল অ্যান্ড এথিক্যাল ক্যাম্পাস’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা, ছাত্রকল্যাণ, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা, র‍্যাগিং ও হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ, সম্মানজনক ও নৈতিক ক্যাম্পাস গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সেশন দুটি পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

১৯ জুলাই অনুষ্ঠিত ‘স্টার্টিং স্ট্রং: থ্রাইভিং ইন ইউনিভার্সিটি লাইফ’ শীর্ষক সেশনে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন ও মূল্যবোধ, একাডেমিক সততা, দায়িত্ববোধ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং উৎকর্ষের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেশনে তিনি নিজের শিক্ষাজীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং সততা ও শৃঙ্খলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

১৯ জুলাইয়ের সেশন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুছা মিয়া। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিজিই, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানরা।

২০ জুলাই ‘কমিউনিকেট উইথ কনফিডেন্স’ এবং ‘ফিউচার রেডি: অপরচুনিটিজ বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক দুটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে কার্যকর যোগাযোগ, ইংরেজিতে একাডেমিক ও পেশাগত যোগাযোগ, উপস্থাপনা দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন, বৃত্তি, ইন্টার্নশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং বৈশ্বিক সুযোগ নিয়ে আলোচনা করবেন ফিউচারনেশন, ইউএনডিপি বাংলাদেশ এবং কোয়াজি কনসালট্যান্সি-এর বিশেষজ্ঞরা।

কর্মসূচির শেষ দিন, ২১ জুলাই ‘লিড ইয়োরসেলফ বিফোর ইউ লিড আদার্স’ শীর্ষক সেশনে আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, নেতৃত্ব, নৈতিকতা, দায়িত্বশীল নাগরিকত্ব, সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

স্পেনের বিশ্বকাপ জয়ে টনি ক্রুসের বার্তা
  • ২০ জুলাই ২০২৬
ম্যাচ শেষে যা বললেন ফাইনালের গোলদাতা তোরেস
  • ২০ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে বিব্রতকর রেকর্ড আর্জেন্টিনার
  • ২০ জুলাই ২০২৬
স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ ‘কামব্যাক কিং’ আর্জেন্টিনার
  • ২০ জুলাই ২০২৬
‘জঘন্য, চরম কলঙ্কজনক’: ফাইনাল শেষে আর্জেন্টিনার আচরণে ক্ষুব…
  • ২০ জুলাই ২০২৬
এমবাপ্পেকে টপকে এলিট ক্লাবে ইয়ামাল
  • ২০ জুলাই ২০২৬