বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডুয়েটের স্বেচ্ছাসেবীরা © সংগৃহীত
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়াসহ বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি হাজারো পরিবার খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।
ডুয়েটের স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ইএলসি) এবং গাংচিলের যৌথ উদ্যোগে পরিচালিত তহবিল সংগ্রহ কার্যক্রমে আবাসিক হলের শিক্ষার্থী, বিভিন্ন কোচিং সেন্টার এবং শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোট ৬৪ হাজার ১৯৮ টাকা সংগ্রহ করা হয়। সংগৃহীত অর্থ দিয়ে কেনা চাল, ডাল, তেল, আলু, লবণ, চিড়া, মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে ১৫ জুলাই ডুয়েটের একটি প্রতিনিধি দল চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে।
প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবারের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেয়। দুর্গম এলাকায় পৌঁছে বন্যার্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়। দুর্যোগের এই সময়ে ডুয়েটের এমন মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে স্বস্তি এনে দেয়।
আয়োজকদের মতে, জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। ডুয়েট পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়িত এই উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে তহবিল সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করা সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকেরা। একই সঙ্গে ভবিষ্যতেও মানবিক যেকোনো সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।