ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উদ্যোগ

০২ জুলাই ২০২৬, ০৭:৩৮ PM
যবিপ্রবির অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান ও এমআইটির অধ্যাপক মাইকেল এস. স্ট্রানো

যবিপ্রবির অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান ও এমআইটির অধ্যাপক মাইকেল এস. স্ট্রানো © টিডিসি সম্পাদিত

কৃষিতে রাসায়নিকের অপচয় কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং ভবিষ্যতের স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে যৌথ গবেষণায় যুক্ত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

এ লক্ষ্যে যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (NAME) ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান এবং এমআইটির কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক মাইকেল এস. স্ট্রানোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সম্প্রতি এমআইটি সফরকালে অধ্যাপক জাভেদ হোসেন খান অধ্যাপক স্ট্রানোর সঙ্গে বৈঠক শেষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যবিপ্রবির পরিবেশবান্ধব ন্যানো-কীটনাশক (Nano Pesticide Formulation) এবং এমআইটির উদ্ভিদের অভ্যন্তরে ন্যানোকণার পরিবহন (Nano Transportation in Plant) প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা করা হবে। এর মাধ্যমে কৃষিতে রাসায়নিকের অপচয় কমানো এবং আরও কার্যকর ও স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দুই প্রতিষ্ঠান গবেষণার তথ্য, ল্যাব সুবিধা এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময় করবে।

বর্তমানে অধ্যাপক ড. জাভেদ হোসেন খান ও অধ্যাপক মাইকেল এস. স্ট্রানো যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারে সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত গর্ডন রিসার্চ কনফারেন্সে অংশ নিচ্ছেন। সেখানে কৃষি ও খাদ্য ব্যবস্থায় ন্যানোপ্রযুক্তি নিয়ে নিজেদের গবেষণা উপস্থাপনের পাশাপাশি ভবিষ্যৎ যৌথ গবেষণার বিষয়েও আলোচনা করছেন। ‘ন্যানোস্কেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফর এগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেম’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে তাঁরা নিজ নিজ উদ্ভাবন উপস্থাপন করছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান বলেন, বিশ্বমানের গবেষণা পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যায়। এমআইটির সঙ্গে এই যৌথ উদ্যোগ যবিপ্রবির গবেষণাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

মেসে পাবনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার
  • ০২ জুলাই ২০২৬
নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল জোরদার, ড্রোনে নজরদারি বৃদ্ধি
  • ০২ জুলাই ২০২৬
পরীক্ষায় দায়িত্ব পালন-খাতা দেখায় সম্মানি বাড়াল সরকার, পরিপত…
  • ০২ জুলাই ২০২৬
জবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার…
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২৫ পরীক্ষার্থী
  • ০২ জুলাই ২০২৬
ন্যানো-প্রযুক্তিভিত্তিক কৃষি গবেষণায় যবিপ্রবি-এমআইটির যৌথ উ…
  • ০২ জুলাই ২০২৬