জাতীয় নারী বিতর্ক প্রতিযোগীতা ২০১৯ © টিডিসি ফটো
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ‘ঘরে বাইরে সহিংসতা: প্রতিবাদের ঝড় উঠুক নারীর কন্ঠে, আর নয় নীরবতা’ এ স্লোগানকে ধারণ করে ২য় বারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় নারী বিতর্ক প্রতিযোগীতা ২০১৯’ শুরু হয়েছে। শাবিপ্রবি’র অন্যতম বিতর্ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) এর আয়োজন করেছে।
শুক্রবার সকাল নয়টায় মিনি অডিটেরিয়ামে দুই দিনব্যাপী এমজেএফ-এসইউডিএস ২য় জাতীয় নারী বিতর্ক প্রতিযোগীতা ২০১৯ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
এই প্রতিযোগীতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি টিম অংশ নিচ্ছে। এসইউডিএস’র সাধারণ সম্পাদক রাঈতাহ্ বিনতে আহসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, রুয়েট ডিবেটিং সোসাইটি এর মডারেটর হারুন উর রশিদ। সভাপতিত্ব করেন এসইউডিএস’র সভাপতি তোফায়েল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক মানুষকে ভাবতে শেখায়। দেশ ও দশের কল্যাণের জন্য মানুষের বুদ্ধির প্রখরতা বাড়ায়। সেজন্য দেশ ও সমাজের স্বার্থেই সমাজের নানা অসংগতি নিয়ে বিতর্ক করা উচিত। এতে সমাধান উঠে আসবে। সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই।
পরে অংশগ্রহণকারীদের নিয়ে ক্যাম্পাসে একটি আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। ট্যাব পদ্ধতিতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে বিতর্কের সুযোগ পাবে। শনিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।