শনিবার স্কুল বন্ধের বিষয়টি স্পষ্ট করলো শিক্ষা মন্ত্রণালয়

২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

‘২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—এমন তথ্য ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যদিও ছড়ানোর তথ্যের কোনো সত্যতা নেই বলে জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এবার শনিবার স্কুল বন্ধ রাখার বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় ৭৬ দিন স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকার নিচের অংশে ৫ নম্বর অনুচ্ছেদে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহে দুদিন ছুটি থাকবে বলে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার বলেন, ‌‘শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন আগে যে তথ্য ছড়িয়েছিল তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এ তথ্যই সঠিক।’

প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

অন্যদিকে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

ট্যাগ: ছুটি
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬