শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

১২ জানুয়ারি ২০২০, ০১:২৬ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড’ ও তা মনিটরিংয়ের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১২ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এছাড়া র‌্যাগিংয়ের হাত থেকে শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আদালতে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, তিন মাসের মধ্যে এ কমিটি গঠন করতে হবে।

রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, ২০১৯ সালের ৯ অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধসহ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোয় কমিটি গঠন চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ তিন জনকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছিল।

ওই নোটিশে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য ‘অ্যান্টি র‌্যাগিং কমিটি’ গঠন ও তা মনিটরিংয়ের জন্য ‘অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড’ গঠনে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল। কিন্তু ওই নোটিশের জবাব না পেয়ে চলতি বছরের ৮ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন ইশরাত হাসান।

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা
  • ২৯ এপ্রিল ২০২৬
হাইকোর্টে আওয়ামীপন্থিদের অবস্থানের প্রতিবাদে বিএনপিপন্থি আই…
  • ২৯ এপ্রিল ২০২৬
মতলবে কালবৈশাখীতে হেলে পড়েছে আধা পাকা ধান
  • ২৯ এপ্রিল ২০২৬
ভোজ্যতেলের দাম বাড়ল 
  • ২৯ এপ্রিল ২০২৬
১৫২৯ ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ নিয়ে যা জানাল মন্ত্রণালয়
  • ২৯ এপ্রিল ২০২৬
পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা
  • ২৯ এপ্রিল ২০২৬