চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও যেভাবে পাওয়া যাবে ঋণ

১১ মে ২০২৬, ০৮:৫৬ PM
টাকা

টাকা © সংগৃহীত

‘ক্যাশলেস সোসাইটি’ বা নগদবিহীন সমাজ গঠনের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ‘ই-লোন’ বা ডিজিটাল ঋণ চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এর ফলে গ্রাহকেরা এখন ব্যাংকে উপস্থিত না হয়েই ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ কিংবা ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদের হারে এই ঋণ দিতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংকের পূর্ণ অর্থায়ন সুবিধার আওতায় ঋণ দেওয়া হলে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গ্রাহক নির্বাচন, ঋণ অনুমোদন, বিতরণ ও আদায়—সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। ঋণ নিতে গ্রাহকের সশরীরে উপস্থিতি বা স্বাক্ষরের প্রয়োজন হবে না। বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে হবে।

গ্রাহকের তথ্য সুরক্ষায় ওটিপি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত সব তথ্য দেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করতে হবে।

বাণিজ্যিকভাবে এই ঋণ চালুর আগে ব্যাংকগুলোকে অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পরে এর সফলতা মূল্যায়ন করে প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, আপাতত রিয়েল-টাইম সিআইবি সুবিধা চালু না হওয়া পর্যন্ত ঋণ অনুমোদনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকবে। তবে ঋণ বিতরণের পর অবশ্যই সিআইবি রিপোর্ট সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। এ জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

কোনো খেলাপি ঋণগ্রহীতা এ সুবিধা পাবেন না বলেও স্পষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। যদি কোনো গ্রাহক তথ্য গোপন করে ঋণ নেন এবং পরে সিআইবি রিপোর্টে তা ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে তাৎক্ষণিকভাবে সেই ঋণ সমন্বয় করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, ডিজিটাল প্রযুক্তির বিস্তারের কারণে এ ধরনের ঋণের চাহিদা বাড়ছে। এটি প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সংক্রান্ত তথ্য ব্যাংকগুলোকে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬