বেসরকারি শিক্ষকদের ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন কবে?

১৩ জানুয়ারি ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও এক লাখ শিক্ষক ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন-ভাতার টাকা পাবেন। আজ সোমবার শিক্ষকদের তথ্য এন্ট্রির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ইএফটিতে বেতন-ভাতার মেসেজ পাবেন শিক্ষকরা বলে জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তারা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, গতকাল রবিবার দ্বিতীয় ধাপের প্রায় এক লাখ শিক্ষকের তথ্য এন্ট্রির কাজ শেষ হয়েছে। তবে কিছু শিক্ষকের তথ্য এখনও যাচাই না হওয়ায় তথ্য এন্ট্রির কাজ শেষ করা সম্ভব হয়নি। আজ সোমবারের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তথ্য এন্ট্রি শেষ হলে শিক্ষকদের বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে।

জানতে চাইলে মাউশির ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রায় এক লাখ শিক্ষকের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। বিভিন্ন দপ্তর থেকে তথ্য যাচাই করতে কিছুটা সময় লেগেছে। তবে কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’

কবে নাগাদ শিক্ষকরা দ্বিতীয় ধাপে ইএফটিতে বেতন-ভাতার মেসেজ পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘খুব বেশি সময় অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব না হলেও চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা ইএফটিতে বেতন-ভাতার মেসেজ পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হত।

ব্যাংকগুলো মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত ১ জানুয়ারি এক লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। ২৭ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক-কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ট্যাগ: এমপিও
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬