অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান মাউশি ডিজি।
এর আগে গতকাল বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ‘যে কোনো মুহূর্তে বদলির ফল প্রকাশ করা হবে’ বলে তথ্য ছড়ানো হয়। ফেসবুক পোস্টগুলোতে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়। তবে এ দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন মাউশি ডিজি।
অধ্যাপক ড. সোহেল জানান, ‘বদলির ফল প্রকাশের পূর্বে বেশি কিছু জটিলতা রয়েছে; এগুলো সমাধান করতে হবে। এরপর বদলির ফল প্রকাশ করা হবে। বদলির বিষয়টি সরাসরি শিক্ষামন্ত্রী দেখছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। তবে ফল প্রকাশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাউশির তথ্য অনুযায়ী বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে। একেকজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যায়নি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেছেন, এক প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকরা পে-স্কেলের আওতায় আসবেন। আলাদা প্রজ্ঞাপন দরকার হবে না।
বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) নতুন জাতীয়করণকৃত সরকারি কলেজের নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়ার। সরকারিকৃত কলেজের শিক্ষকরা বদলির সুবিধা পাবেন। নীতিমালা হচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার শুধু শিক্ষক নয়, জাতির বিবেক।