ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের মূলতবি বার্ষিক অধিবেশন বসছে আগামী বৃহস্পতিবার। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধিবেশনে সভাপতিত্ব করবেন।
আজ মঙ্গলবার এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনসংযোগ দফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সিনেটের এই মূলতবি অধিবেশন স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত সময়ের জন্য অনুষ্ঠিত হবে।
সিনেটের এই মূলতবি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের মূল বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হবে।
গত ১৪ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয়নি। তাই সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই অধিবেশন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছিল।