কুমিল্লা কোতোয়ালি মডেল থানা © সংগৃহীত
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় নেতৃত্বদানকারী নেতা কাইয়ুমসহ ১৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার। এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নূরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলের পরপরই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।
পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমসহ ১৮ জনকে আটক করে।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ‘কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এরপর তাদের চিহ্নিত করে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘কোতোয়ালি থানা পুলিশ ১৬ জনকে এবং জেলা গোয়েন্দা পুলিশ ২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আজ কুমিল্লা আদালতে পাঠানো হবে।’